ভাইরাল খবর
মোদির সিদ্ধান্তে সরে আসল শরিকরা, এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে শীঘ্রই
ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচন ঘিরে দিল্লির রাজনীতিতে তৎপরতা তুঙ্গে। এনডিএ (NDA) এবং ইন্ডিয়া জোট—দুই পক্ষই প্রার্থী বাছাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত। বৃহস্পতিবার ফের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J.P. Nadda)। সূত্রের খবর, প্রার্থী নির্বাচনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতেই তুলে দিল এনডিএ-র শরিক নেতৃত্ব। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) জানান, সকল শরিক একমত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত এক সপ্তাহে এটি এনডিএ-র দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত ছিলেন। আগের বৈঠকেই মোদি আশ্বস্ত করেছিলেন যে, “সকলের মতামত নিয়েই প্রার্থী চূড়ান্ত করা হবে।” বৃহস্পতিবারের বৈঠকে সেই কথারই বাস্তবায়ন হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ বাংলাদেশে সাংবাদিক খুন, গাজীপুরে চাঁদাবাজির খবর করতেই প্রকাশ্যে কোপানো
অন্যদিকে, একই রাতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাসভবনে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে। প্রার্থী দেওয়া হবে কিনা—সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয় বলে সূত্রের দাবি। তৃণমূলের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন দলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি, ভোটার তালিকা সংশোধনসহ একাধিক কৌশলগত বিষয় নিয়েও আলোচনা হয়।
এদিনই নির্বাচন কমিশন (Election Commission) বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, ২২ আগস্ট হবে যাচাই (Scrutiny)। ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। সবমিলিয়ে, উপ রাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
