ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম নিজের রাজ্য গুজরাটে (Gujarat) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দু’দিনের সফরে সোমবার ও মঙ্গলবার গুজরাটের নানা প্রান্তে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সরকারি সূত্রে খবর, এই সফরে গুজরাটবাসীর জন্য প্রায় ৮২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের একাংশের কটাক্ষ, ১৯ জুন গুজরাটের দু’টি বিধানসভা আসনে উপনির্বাচনের আগে এই প্রকল্পঘোষণা আসলে ভোটমুখী প্রচার কৌশল।
সোমবার প্রথমে দাহোদ (Dahod) পৌঁছেছেন মোদী। সেখানে লোকো ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ-এর উদ্বোধনের পাশাপাশি খারোদে (Kharod) এক জনসভায় ভাষণ দেন তিনি। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী প্রায় ২৪,০০০ কোটি টাকার রেল প্রকল্প-সহ অন্যান্য সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে অন্যতম ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রকল্পের আওতায় ২১,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলওয়ে উৎপাদন ইউনিট, যা ভবিষ্যতে ১০,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে দাবি করা হয়েছে। এছাড়া সোমনাথ-আমেদাবাদ (Somnath–Ahmedabad) রুটে নতুন বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের উদ্বোধনও করবেন তিনি।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় ভারত-কোরিয়া জোটের ডাক অভিষেকের গলায়
এদিন দাহোদ ও মহীসাগর (Mahisagar) জেলার ১৯৩টি গ্রাম ও শহরের জন্য ১৮১ কোটি টাকার চারটি পানীয় জল প্রকল্পও উদ্বোধন করবেন মোদী। এর ফলে প্রায় ৪.৬২ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে সরকারি দাবি।
পরে ভুজ (Bhuj) সফরে গিয়ে মোদী উদ্বোধন করবেন ৫৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য কান্দালা বন্দরের (Kandla Port) পরিকাঠামো উন্নয়ন এবং সৌরবিদ্যুৎ, বিদ্যুৎ সঞ্চালন ও সড়ক নির্মাণ সংক্রান্ত একাধিক প্রকল্প। উপকৃত হবেন কচ্ছ (Kutch), জামনগর (Jamnagar), গির সোমনাথ (Gir Somnath), আহমেদাবাদ (Ahmedabad), তাপী (Tapi) ও জুনাগড় (Junagadh) জেলার মানুষ।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী আমেদাবাদ বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিমি দীর্ঘ রোড শো-তে অংশ নিবেন। এরপর রাজভবনে রাতযাপন করেন তিনি।
মঙ্গলবার সকালেও তাঁর ব্যস্ত কর্মসূচি বজায় ছিল। গান্ধীনগরে (Gandhinagar) বিজেপির (BJP) দলীয় বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ অনুষ্ঠিত হয় আরও একটি রোড শো। এরপর তিনি মহাত্মা মন্দিরে (Mahatma Mandir) যান, যেখানে তিনি উদ্বোধন করেন ৫,৫৩৬ কোটি টাকার একাধিক প্রকল্প। এছাড়া ১,০০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২২,০৫৫টি আবাসন প্রকল্প (PM Awas Yojana) গৃহহীনদের জন্য উৎসর্গ করবেন তিনি।
এই সফরে গুজরাটের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভোটের রাজনীতিও গরমিয়ে উঠেছে। বিরোধীদের দাবি, এই প্রচার আসলে ভোটের আগে সরকারের এক প্রকার জনসংযোগ চালানো। যদিও বিজেপি দাবি করছে, এই প্রকল্পগুলি গুজরাটের দীর্ঘমেয়াদি বিকাশের অংশ।