ভাইরাল খবর
রায়গঞ্জের নাবালককে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তের ১৫ বছরের সশ্রম কারাদণ্ড
ডিজিটাল ডেস্কঃ শিশু সুরক্ষায় কড়া বার্তা দিল পস্কো আদালত। নাবালকের উপর যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন রায়গঞ্জ জেলা আদালতের পস্কো কোর্টের বিচারক মধুমিতা রায়। বুধবার এই মামলার রায় ঘোষণা করেন তিনি।
ঘটনাটি ঘটে ২০১৫ সালে। জানা গিয়েছে, রায়গঞ্জের কসবা ব্যারাক এলাকায় বসবাসকারী এক নাবালককে সুযোগ পেয়ে একান্তে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত দিবাকর সিং। ঘটনার পরে পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলে, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে।
আরও পড়ুনঃ ৬ মাস জেলে থাকার পর জামিন চিন্ময় কৃষ্ণ দাসের, নীরব হলো ইউনূস প্রশাসন
এই দীর্ঘ মামলায় একাধিক সাক্ষী ও প্রমাণ আদালতে পেশ করা হয়। মামলার সরকারি আইনজীবী সুজিত সরকার জানান, বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতে নির্যাতিত নাবালকের বয়ান ও ডাক্তারি পরীক্ষার রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে সমস্ত দিক খতিয়ে দেখে বিচারক অভিযুক্ত দিবাকর সিংকে দোষী সাব্যস্ত করেন এবং ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
শিশু সুরক্ষা আইন পকসোর আওতায় এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহল। তাঁরা বলছেন, এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে ইচ্ছুকদের জন্য বড় বার্তা হবে।
এদিকে, রায় ঘোষণার পর আদালত চত্বরে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিত নাবালকের পরিবার। তাঁরা জানিয়েছেন, দীর্ঘ ১০ বছর ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিলেন। আজ তাঁরা সেই সুবিচার পেলেন।
