ভাইরাল খবর
অভিষেকের চোখের চিকিৎসা মামলায় নতুন মোড়! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন সাংসদের
ডিজিটাল ডেস্কঃ চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য বিদেশে (Abroad) যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি শীর্ষ আদালতে আবেদন করেছেন। আগামী ৩ আগস্ট এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya) নির্দেশ দেন, এসএসকেএম (SSKM) হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করে তাঁর চোখের পরীক্ষা করা হোক। সেই রিপোর্ট আদালতে জমা পড়ার পর বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই নির্দেশেই আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তিনি ইডি (ED) এবং অন্যান্য তদন্তকারী সংস্থার (Investigating Agencies) সঙ্গে সবসময়ই সহযোগিতা করেছেন। আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনাও (Voice Sample) জমা দিয়েছেন। তা সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না মেলায় তিনি শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের একটি সড়ক দুর্ঘটনায় (Road Accident) চোখে গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত বিদেশে চিকিৎসা করিয়ে আসছেন। তবে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কলকাতাতেই উন্নত চক্ষু চিকিৎসার (Advanced Eye Care) ব্যবস্থা রয়েছে। তাই বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা আগে মেডিক্যাল বোর্ডের রিপোর্টের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এখন নজর ৩ আগস্টের শুনানির দিকে। সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়, নাকি হাইকোর্টের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশই বহাল রাখে, সেটাই দেখার।
