কলহের জেরে স্ত্রীর নাম ‘মৃত’ দেখিয়ে বাদ! অভিযুক্ত বিএলও স্বামী
Connect with us

ভাইরাল খবর

কলহের জেরে স্ত্রীর নাম ‘মৃত’ দেখিয়ে বাদ! অভিযুক্ত বিএলও স্বামী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দাম্পত্য কলহের জেরে দেড় বছর ধরে স্বামীর বাড়ি থেকে আলাদা থাকছেন টুম্পা দাস মণ্ডল। সেই বিরোধই এবার অন্য মোড় নিল। অভিযোগ, স্বামী প্রভাকর মণ্ডল—যিনি সংশ্লিষ্ট বুথের বিএলও (BLO) হিসেবে কাজ করছেন —তিনি নাকি টুম্পাকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা (Voter List) থেকে তাঁর নাম বাদ দেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সাগরদিঘি থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের পিল্কি গ্রামে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

টুম্পা লিখিত অভিযোগ জানিয়েছেন সাগরদিঘির বিডিও, জঙ্গিপুর মহকুমাশাসক এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে বিডিও সিতাংশুনাথ চক্রবর্তী জানান—টুম্পার নাম সত্যিই ভোটার তালিকায় ‘ই’ (Expired) হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এসআইআর (SIR) শুরু হওয়ার আগেই নাম বাদ দেওয়া হয়েছে এবং যেহেতু প্রভাকর দীর্ঘদিন ধরে ওই বুথের বিএলও—তাই তাঁর ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ইতিমধ্যেই অভিযুক্ত বিএলও-র কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। টুম্পাকে আবার কীভাবে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে তাও জানানো হয়েছে।

Advertisement
ads

টুম্পার দাবি, বিবাহের পরে দীর্ঘদিন ধরে স্বামী তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। সে কারণেই তিনি দেড় বছর আগে পাঁচ বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান। ভোটার তালিকার নতুন খসড়া তৈরি হওয়ায় তিনি নিজের নাম আছে কি না দেখতে গিয়ে জানতে পারেন—তাঁকে ‘মৃত’ দেখানো হয়েছে। তাঁর অভিযোগ, স্বামী নিজের প্রভাব খাটিয়ে ইচ্ছাকৃতভাবেই এই কারচুপি করেছেন। এমনকি আগেও তাঁর আধার (Aadhaar) কার্ড ব্লক করে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।

টুম্পার দাবি—“এটি আমার সঙ্গে অন্যায়। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাইছি এবং স্বামীকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি করছি।”
অভিযুক্ত বিএলওর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading
Advertisement