মালদা
বিধানসভা নির্বাচনের আগে ডাকাতির ছক বানচাল করল পুলিশ, ধৃত ৬
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৫ এপ্রিল : গোপন সূত্রে খবর পেয়ে ৬ জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। রবিবার গভীর রাতে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের সোমবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ডাকাতির ছক বানচাল করল পুলিশ আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে ৬ জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। রবিবার গভীর রাতে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো পিকলু মন্ডল, সন্তোষ মন্ডল, ছোটন সাহা, বাবলু মন্ডল, উজ্জল মন্ডল এবং শ্রীনিবাস মন্ডল। ধৃতরা মালদার বৈষ্ণবনগর, কালিয়াচক এবং মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। চাঁচল থানা এলাকার একটি কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল ওই ডাকাতদলের। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে রবিবার গভীর রাতে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বুলেরো গাড়ি সহ ওই ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, গ্যাস কাটার সহ বেশ কিছু ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের সোমবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
