দেশ
ভারতে ই-স্কুটার কারখানা তৈরির উদ্যোগ নিল অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থা ওলা
নিউজ ডেস্ক , ০৮ মার্চ : ভারতে বিশ্বের বৃহত্তম ই-স্কুটার তৈরির কারখানা করতে চলেছে অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থা ওলা। ২৪০০ কোটি টাকা বিনিয়োগে তামিলনাড়ুতে ই-স্কুটারের কারখানা বানাবে ওলা। এই কারখানা তৈরি হলে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
অনেকদিন ধরেই ভারতে ই-স্কুটার তৈরির কারখানা গড়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল ওলা। পাশাপাশি ১০০ একর জমির খোঁজও করছিল এই সংস্থা। শেষ পর্যন্ত মউ স্বাক্ষর হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর সঙ্গে। ওলা কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রথম স্তরে ২ হাজার লোককে কাজে যুক্ত করার চিন্তাভাবনা রয়েছে তাঁদের। ১০ হাজার কর্মীর সঙ্গে এই কারখানায় কাজ করবে তিন হাজারের বেশি রোবট। ফ্যাক্টরির ছাদ তৈরি হচ্ছে সোলার প্যানেল দিয়ে। এর সাহায্যে নিজস্ব শক্তি উৎপাদন করতে পারবে ওলার কারখানা। ভারতে এই কারখানা তৈরি হলে বিদ্যুৎ চালিত গাড়ির ক্ষেত্রে অন্যান্য দেশের উপর আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে। আগামী ১২ সপ্তাহের মধ্যে এই কারখানা তৈরি করে ফেলা সম্ভব হবে। শেষ ১০ বছর ধরে ভারতের পথে যাত্রী পরিবহণের বাণিজ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ওলা। পৌঁছে গিয়েছে বাণিজ্যের শিখরে। সেই সংস্থাই এ বার সরাসরি গাড়ি তৈরির ব্যাবসায় আসতে চলেছে।
