দেশ
জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার বাবাকে হত্যা করল অভিযুক্ত, ঘটনাস্থল হাথরাস
নিউজ ডেস্ক , ০২ মার্চ : সংবাদের শিরোনামে ফের জায়গা করে নিলো যোগী রাজ্য। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্যক্তি জামিন থেকে ছাড়া পেয়েই গুলি করে হত্যা করল নির্যাতিতার বাবাকে। সোমবার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের হাথরাস। নির্যাতিতা স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছে।
যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত খুনের পরই বেপাত্তা অভিযুক্ত গৌরব শর্মা। উল্লেখ্য, ২০১৮ সালে হাথরাসে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল গৌরব শর্মা নামে এক ব্যক্তিকে। এরপরই ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। যার জেরে জেল হয় অভিযুক্তের।কিন্তু মাসখানেক পরে জামিনে ছাড়া পেয়ে যায় সে। সেই থেকেই দুই পরিবারের মধ্যে অশান্তি। যা চরম আকার নেয় সোমবার। এদিন সন্ধ্যায় গ্রামের এক মন্দিরে পুজো দিতে যান অভিযুক্তের স্ত্রী ও কাকিমা। সেই সময় সেখানে আসেন পুজো দিতে আসেন নির্যাতিতা ও তাঁর বোনও। এরপর দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। যা পরবর্তীতে বড় আকার ধারণ করে। এরপর ঘটনাস্থলে আসেন তরুণীর বাবা ও গৌরব। গৌরবের সঙ্গে বেশ কয়েকজন ছিল বলে জানা গিয়েছে। ক্রমেই পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। তারপরই আচমকা গৌরব গুলি চালিয়ে দেয় নির্যাতিতার বাবাকে। গুরুতর আহত হন তরুণীর বাবা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই তরুণী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে গৌরবের পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত গৌরব ও তাঁর সঙ্গীরা। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
