দেশ
চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণ করছে কেন্দ্র, আতঙ্ক গ্রাহকদের মধ্যে
নিউজ ডেস্ক , ১৬ ফেব্রুয়ারি : ৭৪ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে দেশের সবথেকে বড় সরকারি বিমা সংস্থা এল আই সিকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিয়েছে কেন্দ্র। এবারে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বেসরকারিকরণ করছে কেন্দ্র।
উল্লেখ্য পয়লা ফেব্রুয়ারি সংসদে যে বাজেট পেশ করা হয়েছে তাতে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বেসরকারিকরণের জন্য আপাতত চারটি ব্যাংককে বেসরকারিকরণের জন্য প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra), ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India)। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক এই খবর জানিয়েছেন বলে দাবি সংবাদসংস্থার। ওই চার ব্যাংকের মধ্যে যে দু’টিকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে, সেগুলির ২০২১-২২ আর্থিক বছরেই বেসরকারিকরণ হবে। এতে স্বাভাবিকভাবেই আতংক ছড়িয়েছে ওই ব্যাংকের গ্রাহকদের মধ্যে। তাদের অভিযোগ, গ্রাহকের কথা চিন্তা না করেই কেন্দ্র তড়িঘড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারিকরণ করছে। করপোরেট সংস্থার মতো ব্যাংক চালাতে গিয়ে যদি দেউলিয়া হয়ে যায় ব্যাংক গুলি তাতে পথে বসতে পারে আমানতকারীরা। তাই এব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন গ্রাহকরা।
