দেশ
সংসদের ক্যানটিনে আর সস্তায় খাবার পাবেন না সাংসদরা, ভর্তুকি তুলে দিচ্ছে কেন্দ্র, বাঁচবে ৮ কোটি টাকা
নিউজ ডেস্ক , ২০ জানুয়ারী : সংসদের ক্যান্টিনের (Parliament Canteen) খাবারে ভরতুকি তুলে দিল কেন্দ্র। ফলে মাত্র ৬৫ টাকায় সংসদে মিলবে না জিভে জল আনা হায়দরাবাদি বিরিয়ানি। শুধু বিরিয়ানিই নয়, কোনো খাবার আর সস্তায় পাওয়া যাবে না সংসদে। বাজেট অধিবেশন শুরুর আগে একথা স্পষ্ট করে দিলেন স্বয়ং লোকসভার স্পিকার ওম বিড়লা।
দেশের সংসদের ক্যান্টিনে সস্তায় খাবার চালু হয়েছিল দীর্ঘদিন আগেই। বিরিয়ানি থেকে শুরু করে মাংস, পোলাও সবই মিলত নামমাত্র দামে।সাংসদ ও সংসদের কর্মচারীরা মোটা টাকার বেতন পেলেও তাদের জন্য দেশের কোষাগার থেকে বিপুল অঙ্কের টাকা ভরতুকি দিত কেন্দ্র। তারপরেও সাংসদদের খাবারে কেন ভরতুকি (Subsidy) দেওয়া হয় তা নিয়েও অতীতে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। এবার তাই পাকাপাকিভাবে সংসদের ক্যাটিনের খাবারে ভরতুকি তুলে দিচ্ছে মোদি সরকার। যার ফলে বছরে সরকারের আট কোটি টাকা সাশ্রয় হবে বলে সূত্রের খবর। এপ্রসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, এবার থেকে সংসদের ক্যান্টিনের খাবারের দামে কোনও ভরতুকি মিলবে না। ফলে দামী হবে সংসদের ক্যান্টিনের খাবার। সংসদের ক্যান্টিন এবার থেকে পরিচালনা করবে আইটিডিসি।
