দেশের খবর
লোকসভায় রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে বিতর্ক! অসংসদীয় ভাষার অভিযোগে বিজেপির প্রতিবাদ
ডিজিটাল ডেস্কঃ NEET প্রশ্নফাঁস (NEET Paper Leak) ইস্যুতে বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল লোকসভা (Lok Sabha)। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বিজেপির (BJP) অভিযোগ, কেন্দ্র এবং দলের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে রাহুল এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, যা সংসদের (Parliament) নিয়ম অনুযায়ী অসংসদীয় (Unparliamentary)।
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, NEET পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়ারা দেশের গর্ব। তাঁদের আন্দোলনে কোনও ঘৃণাভাষণ নেই বলেও দাবি করেন তিনি। এরপর এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের উদাহরণ তুলে ধরে তিনি ‘ছাত্র’, ‘বোকা’ এবং ‘অন্ধভক্ত’ (Blind Supporter) প্রসঙ্গ তোলেন। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।
কেন্দ্রীয় মন্ত্রী তথা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) অভিযোগ করেন, রাহুল গান্ধী বিজেপি ও সরকারকে আক্রমণ করতে গিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। তিনি ওই মন্তব্য লোকসভার রেকর্ড (Record) থেকে বাদ দেওয়ার দাবি জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) একই দাবি করেন বলে জানা গিয়েছে।
পরে রাহুল গান্ধী জানান, তাঁর বক্তব্য কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের উদ্দেশে ছিল না। তবুও তিনি ওই শব্দগুলি রেকর্ড থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন।
বিতর্কের মাঝে লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানান, কোনও তথ্য বা প্রমাণ ছাড়া দেওয়া মন্তব্য কার্যবিবরণীতে রাখা হবে না। তিনি রাহুলকে বক্তব্য চালিয়ে যেতে বলেন, তবে নিয়ম মেনে কথা বলার নির্দেশ দেন।
অন্যদিকে, রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) নিশানা করেন। তাঁর অভিযোগ, ছাত্র আন্দোলনের বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না।
হট্টগোলের জেরে শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি (Adjourned) করা হয়। NEET বিতর্ক, ছাত্র আন্দোলন এবং রাহুলের মন্তব্য ঘিরে সংসদের ভিতরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে।
