ভাইরাল খবর
উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার! জন্মশতবর্ষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের (Bengali Cinema) চিরকালীন মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে (Death Anniversary) শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেওড়াতলা মহাশ্মশানে (Keoratala Mahashmashan) পৌঁছে মহানায়কের আবক্ষ মূর্তি (Bust Statue) ও একটি স্মারকফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, মহানায়কের নাতনি নবনীতা চট্টোপাধ্যায়-সহ চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মাল্যদান ও সঙ্গীতের মাধ্যমে মহানায়ককে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী জানান, উত্তম কুমারের জন্মশতবর্ষ (Birth Centenary) উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ উদযাপনের আয়োজন করা হবে। এই কর্মসূচির প্রস্তুতির জন্য রবীন্দ্রসদনে একটি প্রস্তুতি কমিটি (Preparation Committee) গঠন করা হবে। সেই কমিটির পরামর্শ অনুযায়ী শতবর্ষ উদযাপনের সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে মুখ্যমন্ত্রী জানান, মহানায়ক উত্তম কুমারের নামে কলকাতায় একটি আধুনিক ফিল্ম সেন্টার (Film Centre) গড়ে তোলা হবে। পাশাপাশি কলকাতা পুরসভার অধীন উত্তম মঞ্চ (Uttam Mancha)-এর সংস্কার ও আধুনিকীকরণের কাজও হাতে নেওয়া হবে। তিনি জানান, এই সমস্ত উদ্যোগ মহানায়কের পরিবারের সম্মতি ও সহযোগিতার ভিত্তিতেই বাস্তবায়িত হবে।
১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হন উত্তম কুমার। চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রে তাঁর জনপ্রিয়তা ও প্রভাব আজও অমলিন। জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের এই উদ্যোগ মহানায়কের স্মৃতিকে আরও সুসংরক্ষিত করবে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্পসত্তা ও অবদানকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।
