খেলার খবর
সবুজ-মেরুন শিবিরের সহ-সভাপতি পদে ইস্তফা কুণালের! ফেসবুকে পোস্ট করলেন আবেগঘন চিঠি
ডিজিটাল ডেস্কঃ মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Club) সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কুণালের দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে (Personal Reason) তিনি পদত্যাগ করেছেন এবং ক্লাব কর্তৃপক্ষকে ই-মেইল ও চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
দু’দফায় সহ-সভাপতির দায়িত্ব পালন করা কুণাল জানান, ২০২২ সালে প্রথম এবং ২০২৫ সালে দ্বিতীয়বার তিনি এই দায়িত্ব পান। পদ ছাড়লেও মোহনবাগানের প্রতি তাঁর ভালোবাসা ও সমর্থন অটুট থাকবে বলে স্পষ্ট করেন তিনি। নিজের পোস্টে তিনি ক্লাব সভাপতির উদ্দেশে লেখা ইস্তফাপত্রও শেয়ার করেন, যেখানে তিনি দীর্ঘদিনের মোহনবাগান-স্মৃতি তুলে ধরেন।
চিঠিতে কুণাল লেখেন, “জ্ঞান হওয়ার পর থেকেই আমি মোহনবাগান। গ্যালারি থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব—সব জায়গাতেই আমি ক্লাবের পাশে থেকেছি।” তিনি আরও জানান, তাঁর উদ্যোগে ক্লাবে ‘স্পোর্টস লাইব্রেরি’ (Sports Library) চালু হওয়ায় তিনি কৃতজ্ঞ।
ক্লাব সভাপতি দেবাশিস দত্ত (Debashis Dutta) ও সচিব সৃঞ্জয় বসুকে শুভেচ্ছা জানিয়ে কুণাল লেখেন, ক্লাব আরও এগিয়ে যাক।


