ভাইরাল খবর
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুন মামলা! সিবিআইয়ের জালে আরও এক সুপারি কিলার
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের তদন্তে আরও বড় সাফল্য পেল সিবিআই (CBI)। এই বহুচর্চিত হত্যা মামলায় বারাণসী (Varanasi) থেকে গ্রেফতার করা হয়েছে বিনয় রাই নামে আরও এক অভিযুক্তকে। ট্রানজিট রিমান্ডে (Transit Remand) তাঁকে কলকাতায় আনা হচ্ছে এবং আদালতে পেশ করা হতে পারে বলে তদন্তকারী সূত্রে খবর।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের বিনয় রাই মূলত উত্তরপ্রদেশের গাজিপুর জেলার বাসিন্দা। পরে তিনি বারাণসীতে বসবাস শুরু করেন এবং সাম্প্রতিক সময়ে ধানবাদে কয়লার ব্যবসার (Coal Business) সঙ্গেও যুক্ত ছিলেন। তদন্তকারীদের দাবি, কয়লা পাচার সিন্ডিকেটের (Coal Smuggling Syndicate) সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। শুধু তাই নয়, এই খুনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পাশাপাশি ভাড়াটে অপরাধীদের রসদ জোগানোর কাজেও তিনি যুক্ত ছিলেন বলে সন্দেহ।
গোপন সূত্রে খবর পেয়ে বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এর আগে এই মামলায় আরও চারজন গ্রেফতার হয়েছিল, যাদের সকলেই ভিনরাজ্যের বাসিন্দা। প্রথমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) তদন্ত শুরু করে এবং পরে মামলার দায়িত্ব নেয় সিবিআই।
প্রসঙ্গত, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হন চন্দ্রনাথ রথ। অভিযোগ, বাইকে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনায় গুরুতর জখম হন চালকও। এরপর একে একে মায়াঙ্ক মিশ্র, রাজ সিং, ভিকি মৌর্য ও রাজকুমার সিংকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের মতে, ধৃতদের জেরা করলে এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল ষড়যন্ত্র (Conspiracy) ও সুপারি কিলিংয়ের (Supari Killing) আসল রহস্য সামনে আসতে পারে। বাংলার কোনও ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে সিবিআই।


