খেলার খবর
পোলার্ড-অভিষেক অতীত! ৫১৪ বলে ১০০ ছক্কার বিশ্বরেকর্ড রাজস্থানের বৈভব সূর্যবংশীর
ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালস ম্যাচ হারলেও শনিবার রাতের সবটুকু আলো কেড়ে নিলেন কিশোর ব্যাটার (Batter) বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০টি ছক্কা মারার বিশ্বরেকর্ড (World Record) গড়ে এই ১৫ বছরের বিস্ময় বালক পেছনে ফেলে দিল কায়রন পোলার্ড এবং করণবীর সিংয়ের মতো তাবড় নামদের।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৬ বলে ৩৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলার পথে বৈভব এই অনন্য মাইলফলক স্পর্শ করে। মহম্মদ সিরাজকে মারা প্রথম ছক্কাটির সঙ্গেই টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ১০০তম ছক্কাটি হাঁকান তিনি। এই কৃতিত্ব অর্জন করতে বৈভব খরচ করেছেন মাত্র ৫১৪টি বল। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রিয়ার করণবীর সিংয়ের (৮১৩ বল) দখলে। অর্থাৎ ২৯৯টি বল কম খেলে নতুন ইতিহাস (History) রচনা করল রাজস্থানের এই ওপেনার। এই তালিকায় কায়রন পোলার্ড ৮৪৩ বল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
শুধু বিশ্বরেকর্ড নয়, বৈভব এদিন ভেঙে দিয়েছেন অভিষেক শর্মার একটি আইপিএল রেকর্ডও। ২০২৪ সালে পাওয়ার প্লে-তে (Powerplay) অভিষেকের মারা ২৯টি ছক্কার রেকর্ড টপকে বৈভব এখন ৩০টি ছক্কার মালিক। চলতি মরসুমে (Season) তাঁর মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ, যা অভিষেক শর্মার এক মরসুমে সর্বোচ্চ ৪২টি ছক্কার নজিরকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, বিহারের এই কিশোর ক্রিকেটার আগামী দিনে বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের (Power hitting) নতুন জমানার সূচনা করতে চলেছে।


