খুন
তৃণমূলের বুথ এজেন্টের মৃত্যু ঘিরে রণক্ষেত্র বেলেঘাটা! নেপথ্যে রাজনীতির লড়াই না অন্য কিছু?
ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল (Election Results) ঘোষণা হতেই উত্তপ্ত খাস কলকাতা। আনন্দের আবহের মধ্যেই শোকের ছায়া বেলেঘাটায়। বাড়ির সামনে থেকেই উদ্ধার হলো সক্রিয় তৃণমূল নেতা তথা বুথ এজেন্ট (Booth Agent) বিশ্বজিৎ পট্টনায়কের রক্তাক্ত মৃতদেহ (Blood-stained Body)। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
পরিবার সূত্রে খবর, সোমবার গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন বিশ্বজিৎ। নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যরা তাঁকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটি রহস্যময় ফোন (Mysterious Phone call) আসতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকেই তাঁর মোবাইল ফোনটি সুইচড অফ (Switched off) পাওয়া যাচ্ছিল। দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় পরিবারের লোকজন বাইরে বেরোতেই দেখতে পান শিউরে ওঠা দৃশ্য। দেখা যায়, বাড়ির একটি দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং তার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিশ্বজিৎ।
তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হলে বেলেঘাটা থানা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠায়। নিহতের পকেট থেকে তাঁর মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে, যা পুরোপুরি ভাঙা অবস্থায় ছিল। পরিবারের দাবি, সক্রিয়ভাবে তৃণমূল করার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে খুন (Planned Murder) করা হয়েছে এবং এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বেলেঘাটা থানায় বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করা হয়েছে। কার ফোন পেয়ে বিশ্বজিৎ বাড়ি থেকে বেরিয়েছিলেন, তা জানতে পুলিশ কল ডিটেইলস রেকর্ড (CDR) খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন।


