রাজনীতি
“খেলা ওরা শুরু করেছে, শেষ আমি করব”! মিতালী বাগের উপর হামলায় গর্জে উঠলেন অভিষেক
ডিজিটাল ডেস্কঃ দ্বিতীয় দফা নির্বাচনের শেষবেলার প্রচারে আরামবাগে পা রেখেই চরম আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকালে তাঁর জনসভায় যাওয়ার পথে আরামবাগের বিদায়ী সাংসদ মিতালী বাগকে (Mitali Bag) লক্ষ্য করে হামলার ঘটনায় বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। অভিষেক স্পষ্ট জানিয়েছেন, “আরামবাগে তৃণমূল হারুক বা জিতুক, ৪ তারিখের পর সব হিসেব বুঝে নেওয়া হবে।”
এদিন দুপুরে গোঘাটের (Goghat) হাজিপুর এলাকা থেকে আরামবাগের রোড শো-তে যোগ দিতে আসছিলেন মিতালী বাগ। অভিযোগ, বিজেপি প্রার্থীর কার্যালয়ের সামনে একদল সশস্ত্র দুষ্কৃতী লাঠি, রড ও বন্দুক নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হয়। ইট-পাটকেলের আঘাতে গাড়ির কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং সেই কাচবিদ্ধ হয়ে গুরুতর জখম (Injured) হন সাংসদ। রক্তাক্ত অবস্থায় তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং (Live Streaming) করে কান্নায় ভেঙে পড়ে মিতালী প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে।
কর্মসূচি শেষে জখম সাংসদকে হাসপাতালে দেখে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে সরাসরি চারজনের নাম উল্লেখ করেন— সোমাশ্রী, সোমাশ্রীর স্বামী, সৌমেন পাল ও দোলন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে হামলাকারীদের বেছে বেছে বের করব। যারা এই আক্রমণের সঙ্গে যুক্ত, আগামী দিনে তাদের জীবন খুব কঠিন হতে চলেছে।” বিরোধীদের কটাক্ষ করে অভিষেক বলেন, “সিপিএমের (CPIM) হার্মাদরা এখন বিজেপির জহ্লাদ হয়েছে। মমতা দিদি উদার হতে পারেন, কিন্তু আরামবাগের স্টিয়ারিং (Steering) এবার আমার হাতে থাকবে।” যদিও বিজেপি (BJP) এই অভিযোগকে পুরোপুরি ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছে এবং পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই তাদের কর্মীদের মারধরের অভিযোগ তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আরামবাগের রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো থমথমে।

