দুর্ঘটনা
পাইলটের ভুল নাকি যান্ত্রিক ত্রুটি? এয়ার ইন্ডিয়া ট্র্যাজেডির প্রকৃত তথ্য চেয়ে মোদীকে চিঠি নিহতদের পরিবারের
ডিজিটাল ডেস্কঃ প্রায় ১০ মাস অতিক্রান্ত, অথচ মেলেনি কোনো সদুত্তর। ২০২৫ সালের ১২ জুন আমদাবাদের (Ahmedabad) সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) থেকে টেক অফের পরপরই ঘটে গিয়েছিল মর্মান্তিক বিমান বিপর্যয়। এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭-৮ বিমানটি বি.জে. মেডিক্যাল কলেজের ওপর ভেঙে পড়ায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। এবার সেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ও ব্ল্যাক বক্সের (Black Box) তথ্য প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন নিহতদের পরিবার।
গত শনিবার আমদাবাদে একত্রিত হয়ে প্রায় ৩০টি শোকাহত পরিবার প্রধানমন্ত্রীর পাশাপাশি এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (DGCA) চিঠি পাঠিয়েছেন। তাঁদের দাবি, দুর্ঘটনার ককপিট ভয়েস রেকর্ডার (CVR) ও ফ্লাইট ডাটা রেকর্ডারের (FDR) তথ্য জনসাধারণের সামনে অথবা অন্তত ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের জানানো হোক। মৃতদের পরিবারের অভিযোগ, তদন্তকারী সংস্থা দায় পাইলটের ওপর চাপালেও মার্কিন এভিয়েশন সেফটি ফাউন্ডেশনের দাবি—বিমানটিতে আগে থেকেই শর্ট সার্কিট ও সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তিগত ত্রুটি (Technical Problem) ছিল।
পরিবারগুলোর ক্ষোভের অন্যতম কারণ এয়ার ইন্ডিয়ার অসহযোগিতা। নিহতদের জিনিসপত্র শনাক্ত করার জন্য তৈরি ওয়েবসাইটে ছবিগুলো অত্যন্ত অস্পষ্ট (Unclear)। পাশাপাশি, ইমেলের উত্তর পেতেও ১৫ দিনের বেশি সময় লাগছে। স্বজনহারা পরিবারগুলোর স্পষ্ট বক্তব্য, তাঁরা কোনো ক্ষতিপূরণ (Compensation) চান না; কেবল জানতে চান সেদিন ঠিক কী ঘটেছিল। আগামী জুনে দুর্ঘটনার বর্ষপূর্তিতে চূড়ান্ত রিপোর্ট (Final Report) প্রকাশের সম্ভাবনা থাকলেও তদন্তের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।


