যুদ্ধ
ইরান-ইজরায়েল সংঘাতের আঁচ কাতারে! বিপাকে ভারতীয় বাস্কেটবল দল
ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির (War Situation) মাঝে কাতারের দোহায় চরম অনিশ্চয়তার মধ্যে আটকে পড়েছে ভারতের জাতীয় বাস্কেটবল দল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে ইজরায়েল ও আমেরিকার বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুর পর পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর পাল্টা জবাবে ইরানও ইজরায়েলসহ পশ্চিম এশিয়ার একাধিক দেশে ক্ষেপণাস্ত্র (Missile) হামলা চালায়, যার আঁচ গিয়ে পড়েছে কাতারেও।
এফআইবিএ (FIBA) বাস্কেটবল বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচে অংশ নিতে ভারত বর্তমানে দোহায় অবস্থান করছে। গত ২৬ ফেব্রুয়ারি কাতারের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর, আগামী ৩ মার্চ লেবাননের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ভারতীয় দলের। তবে বর্তমানে কাতারের আকাশে ইরানের মিসাইল ও তা ধ্বংসকারী ইন্টারসেপ্টরের লড়াইয়ের মাঝে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
ভারতীয় বাস্কেটবল তারকা প্রণব প্রিন্স জানিয়েছেন, কাতার এয়ারওয়েজ (Qatar Airways) সমস্ত উড়ান বাতিল করায় তারা কার্যত সেখানে বন্দি। এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy) প্রবাসী ভারতীয়দের জন্য জরুরি সতর্কতা (Advisory) জারি করেছে। সামরিক স্থাপনা থেকে দূরে থাকা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বাস্কেটবল ফেডারেশন খেলোয়াড়দের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে।


