ভাইরাল খবর
ভোটের আগে বাজেটে চমক? লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মীদের DA নজরে
ডিজিটাল ডেস্কঃ আজ, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ হচ্ছে সপ্তদশ বিধানসভা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ ভোট অন অ্যাকাউন্ট বাজেট (Vote on Account Budget)। দুপুর আড়াইটেয় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। তার আগে বেলা সাড়ে বারোটায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাষণ দেবেন। দুই সময়েই বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
ভোট অন অ্যাকাউন্ট হলেও বিধানসভা নির্বাচনের আগে এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। গত পাঁচ বছরে এই প্রকল্পে মহিলাদের হাতে ৭৪ হাজার কোটি টাকা পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ ছিল ২৭ হাজার কোটি টাকা।
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA – Dearness Allowance) বৃদ্ধি নিয়েও জোর জল্পনা চলছে। পাশাপাশি আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার ও অস্থায়ী কর্মীদের জন্য সুবিধা ঘোষণার সম্ভাবনা রয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, বাংলার বাড়ি (Banglar Bari) ও সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে।
পরিকাঠামো উন্নয়ন (Infrastructure Development), কর্মসংস্থান (Employment) এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) বাজেটের অন্যতম ফোকাস হতে পারে বলে জানা যাচ্ছে।
