রাজনীতি
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাডি, কমনওয়েলথ গেমস বিতর্কে আলোচিত নেতা
ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা সুরেশ কালমাডি (Suresh Kalmadi)। মঙ্গলবার ভোরে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে (Deenanath Mangeshkar Hospital) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় (Age-related illness) ভুগছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন কালমাডি। মঙ্গলবার বিকেলেই পুনের বৈকুণ্ঠ শ্মশানভূমিতে (Vaikunth Crematorium) তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের আগে কালমাডি হাউসে (Kalmadi House) তাঁর মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হবে। পরিবারে স্ত্রী, এক পুত্র ও পুত্রবধূ, দুই কন্যা-জামাই এবং নাতি-নাতনিরা রয়েছেন।
Pune, Maharashtra | Former Union Minister and Senior Congress leader Suresh Kalmadi passed away after a prolonged illness. He was admitted in Deenanath Mangeshkar hospital in Pune. His mortal remains will be kept at Kalmadi House, Erandwane, Pune till 2 pm and cremation will take…
— ANI (@ANI) January 6, 2026
রাজনীতির পাশাপাশি ভারতীয় ক্রীড়াজগতে কালমাডির পরিচিতি ছিল ব্যাপক। তিনি কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী (Minister of State for Railways) ছিলেন এবং দীর্ঘদিন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় ছিল ২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। ওই আয়োজন ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে এবং ২০১১ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই সময় কংগ্রেস তাঁকে দল থেকে বহিষ্কারও করে।
কালমাডির প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দল-মত নির্বিশেষে বহু নেতা তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
