বিশ্বের খবর
‘ধরার সাহস থাকলে এসে ধরুন’! ট্রাম্পকে দেওয়া মাদুরোর সেই চ্যালেঞ্জ সামনে আনল হোয়াইট হাউস
ডিজিটাল ডেস্কঃ ওয়াশিংটন ও কারাকাসের (Washington–Caracas) মধ্যে ক্রমবর্ধমান টানাপড়েনের আবহে পুরনো একটি ভিডিও প্রকাশ্যে আনল হোয়াইট হাউস (White House)। সেই ভিডিওতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro)-কে প্রকাশ্য সভা থেকে আমেরিকা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) চ্যালেঞ্জ জানাতে শোনা যাচ্ছে -“ধরার সাহস থাকলে এসে ধরুন।”
হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওই পুরনো মন্তব্য নিছক অতীত স্মৃতিচারণ নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা (Political Message)। আমেরিকার দাবি, আলোচনার মাধ্যমে সংকট মেটানোর একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাননি মাদুরো। এই ভিডিও সামনে আসতেই দুই দেশের কূটনৈতিক উত্তেজনা (Diplomatic Tension) আরও বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।
এর মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছনোর পর মাদুরোর একটি সংক্ষিপ্ত ভিডিও ছড়িয়ে পড়ে। কালো জ্যাকেট ও টুপি পরা, হাতে হাতকড়া—দু’জন মার্কিন আধিকারিকের মাঝে ধীরে হাঁটতে দেখা যায় তাঁকে। আটক হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে তাঁকে দেখা ও কথা বলতে শোনা যায়, যদিও মাত্র কয়েকটি শব্দ—“গুড নাইট”, “হ্যাপি নিউ ইয়ার”।
মার্কিন প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে চলা পরিকল্পনার পর শনিবার অভিযান সফল হয়। মাদুরোকে ম্যানহাটনের ডিইএ (DEA) সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাঁর বিচারপ্রক্রিয়া শুরু হবে।
