দেশের খবর
ইন্ডিগোর উপর বড়সড় কাঁচি চালাতে চলেছে কেন্দ্র, কমছে শতাধিক উড়ান
ডিজিটাল ডেস্কঃ টানা আটদিন ধরে যাত্রীদের (Passengers) ভয়াবহ ভোগান্তি ও বিমানবন্দরে (Airport) বিশৃঙ্খলার পর অবশেষে কঠোর পদক্ষেপে নামছে কেন্দ্র। সূত্রের খবর, দৈনিক প্রায় ৫% অর্থাৎ অন্তত ১১০টি উড়ান (Flights) ইন্ডিগোর (Indigo) থেকে কেড়ে নেওয়ার প্রস্তুতি চলছে। বাকি উড়ানগুলো দেশের অন্যান্য সুস্থ বিমান সংস্থাকে (Airlines) চালানোর দায়িত্ব দিতে পারে কেন্দ্র। এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Civil Aviation Ministry) সব এয়ারলাইন্সের সঙ্গে বৈঠক করবে।
কেন্দ্রের লক্ষ্য—যাত্রী দুর্ভোগ যাতে আর না বাড়ে। তাই ইন্ডিগোর থেকে উড়ান প্রত্যাহারের পাশাপাশি বড়সড় জরিমানা (Penalty) এবং সংস্থার একাধিক আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।
রাজ্যসভায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু (Rammohan Naidu) স্পষ্ট বলেন, পাইলট (Pilot), বিমানকর্মী ও যাত্রীর নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার। ইন্ডিগোর ব্যবস্থাপনাগত ত্রুটির জন্যই এই বিপর্যয় তৈরি হয়েছে। সাত দিনে ৪৫০০–র বেশি উড়ান বাতিল হওয়ায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়ায়। যদিও সংস্থাটি ৮৩০ কোটির বেশি টাকা ফেরত দিয়েছে, তবু ৯.৫ লাখ বুকিং থাকায় অনেক ক্ষেত্রেই রিফান্ডে (Refund) দেরি হচ্ছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এনডিএ সাংসদদের বৈঠকে (NDA Meeting) বলেন—নিয়ম মানুষের সুবিধার জন্য, হেনস্থা করার জন্য নয়।
এদিকে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP) দাবি করেছে, সমস্যাটি নাকি পূর্বপরিকল্পিত। তাদের অভিযোগ—ইন্ডিগো নতুন FDTL (Flight Duty Time Limitation) বিধিকে শিথিল করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত সংকট তৈরি করেছে, যাতে পাইলটদের দিয়ে আরও কাজ করানো যায়।
সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে ইন্ডিগোর পরিষেবা কাটছাঁট এখন কেন্দ্রের প্রথম পদক্ষেপ।


