ভাইরাল খবর
মোদির ‘বঙ্কিমদা’ মন্তব্যে ক্ষুব্ধ মমতা, বললেন—‘নাকখত দেওয়া উচিত’
ডিজিটাল ডেস্কঃ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay) লোকসভায় ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই মন্তব্য ঘিরেই তীব্র প্রতিক্রিয়ার ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার কোচবিহারের (Cooch Behar) জনসভা থেকে নাম না করে প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “বঙ্কিমচন্দ্রকে বললেন বঙ্কিমদা! মনে হচ্ছে শ্যামদা, হরিদা। যিনি জাতীয় গান (National Song) রচনা করেছেন, তাঁকে সেই মর্যাদাটুকুও দিলেন না। আপনাদের মাথা নিচু করে জনগণের কাছে নাকখত দেওয়া উচিত।”
মমতা আরও অভিযোগ করেন, দেশের সংস্কৃতি (Culture), আন্দোলন ও ইতিহাসকে (History) অবজ্ঞা করছে কেন্দ্র। বাংলার মনীষীদের অপমানের উদাহরণ টেনে রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy), ক্ষুদিরাম বসু (Khudiram Bose) ও বিদ্যাসাগরের (Vidyasagar) মূর্তি ভাঙার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শুধু বঙ্কিমচন্দ্রকেই ‘বঙ্কিমদা’ বলেননি, স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে (Pulin Bihari Das) ‘পুলিন বিকাশ দাস’ এবং মাস্টারদা সূর্য সেনকে (Masterda Surya Sen) ‘মাস্টার সূর্য সেন’ বলেও উল্লেখ করেন। এর প্রতিবাদে তৃণমূল সাংসদরা সংসদের ভিতরে-বাইরে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের ছবি হাতে মৌন বিক্ষোভ দেখান।
