ভাইরাল খবর
অনিল আম্বানির আরও ১৪৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, ইডির মোট জব্দ সম্পদ ছাড়াল ৯ হাজার কোটি
ডিজিটাল ডেস্কঃ শিল্পপতি অনিল আম্বানি (Anil Ambani) ও তাঁর মালিকানাধীন একাধিক সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট—PMLA অনুযায়ী এবার বাজেয়াপ্ত করা হল মোট ১,৪৫২ কোটি টাকার সম্পত্তি (Seized Assets)। ইডি সূত্রে জানা গিয়েছে, নবি মুম্বই (Navi Mumbai), চেন্নাই (Chennai), পুণে (Pune) এবং ভুবনেশ্বর (Bhubaneswar)–সহ একাধিক জায়গা থেকে এই সম্পত্তি জব্দ করা হয়েছে।
এর আগেও অনিল আম্বানির বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি ও ঋণ প্রতারণা (Loan Fraud) মামলায় তদন্ত চলছে। এ বছরই সিবিআই ও ইডি তাঁর সংস্থা রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড (RHFL) এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিনান্স লিমিটেড (RCFL)–এর বিরুদ্ধে সরকারি তহবিল নয়ছয়ের অভিযোগে তদন্ত শুরু করে।
সাম্প্রতিক এই বাজেয়াপ্তির ফলে অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত বাজেয়াপ্ত মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াল প্রায় ৯ হাজার কোটি টাকা। এ মাসের শুরুতেই ইডি জব্দ করেছিল প্রায় ৩,০৮৪ কোটি টাকার সম্পত্তি, যার মধ্যে ছিল মুম্বইয়ে অনিল আম্বানির বাড়ি, দিল্লির রিলায়েন্স সেন্টারের সম্পত্তি, এবং নয়ডা (Noida), গাজিয়াবাদ (Ghaziabad), থানে (Thane), হায়দরাবাদ (Hyderabad), কাঞ্চিপুরম (Kanchipuram)–সহ একাধিক শহরের মালমত্তা।
অভিযোগ অনুযায়ী, অনিল আম্বানির সংস্থাগুলি সরকারি তহবিল ও পাবলিক ফান্ড (Public Fund) প্রকৃত ব্যবহারের বদলে ব্যবহৃত হয়েছে অনিয়মিত পদ্ধতিতে। তদন্ত এখনও চলমান। আগামী দিনে আরও সম্পত্তি বাজেয়াপ্তের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ইডি সূত্র।


