রাজনীতি
রায়গঞ্জে অন্ধকারে কমিশন! তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীই একই বুথের বিএলও
ডিজিটাল ডেস্কঃ স্ত্রী তৃণমূল (TMC)-এর গ্রাম পঞ্চায়েত সদস্যা (Gram Panchayat Member), আর সেই একই বুথে দায়িত্বে স্বামী — তিনি আবার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিএলও (Booth Level Officer)! এমন অদ্ভুত প্রশাসনিক ঘটনা রায়গঞ্জের (Raiganj) মাড়াইকুড়া অঞ্চলের শ্যামপুর মোড়ের দক্ষিণ কসবা এলাকায় প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
অভিযোগ, বিএলও অমূল্য বর্মন (Amulya Barman) নিজের স্ত্রী কল্পনা বর্মনের (Kalpana Barman) রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজে পক্ষপাতমূলক ভূমিকা নিচ্ছেন। স্ত্রী গ্রাম পঞ্চায়েত সদস্যা হয়েও তিনি সেই তথ্য নির্বাচন কমিশনের (Election Commission) কাছে গোপন রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমূল্যবাবু বাড়ি বাড়ি গিয়ে এসআইআর (SIR) ফর্ম বিলি করছেন এবং ভোটারদের জানাচ্ছেন, তাঁর স্ত্রী কল্পনা বর্মনের ক্যাম্পে গিয়েই ফর্ম পূরণ করতে হবে। ভুল হলে ফর্ম বাতিল হবে বলেও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।
রবিবার দুপুরে শ্যামপুর মোড়ের দক্ষিণ কসবায় দেখা যায়, তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগিয়ে কল্পনা বর্মন নিজেই ক্যাম্প বসিয়ে ভোটারদের ফর্ম ফিলাপ (Form Fill-up) করাচ্ছেন। পাশে কয়েকজন স্থানীয় কর্মী তাঁকে সাহায্য করছেন।
অভিযোগ, বিএলও অমূল্য বর্মন বিজেপির (BJP) এক প্রতিনিধি খোকন দে (Khokan Dey)-কে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে ভোটারদের ক্যাম্পে পাঠাচ্ছেন। বিরোধীদের দাবি, এতে প্রশাসনিক নিরপেক্ষতা ভঙ্গ হচ্ছে এবং শাসকদলের রাজনৈতিক সুবিধা হচ্ছে।
যদিও অমূল্যবাবু স্বীকার করেছেন তাঁর স্ত্রী পঞ্চায়েত সদস্যা, তবে তিনি দাবি করেন, বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছেন, লিখিতভাবে নয়। তবুও তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো সরব হয়েছে। বিজেপির যুব মোর্চার জেলা সহ-সভাপতি শুভম সান্যাল (Shubham Sanyal) বলেন, “এই বিষয়ে বারবার অভিযোগ করা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।”
সিপিএমের (CPM) প্রতিনিধি সঞ্জীব সাহা (Sanjib Saha) কটাক্ষ করে বলেন, “বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া স্পষ্ট। তৃণমূল ক্যাম্পে বিজেপি প্রতিনিধিদের নিয়ে বিএলওরা ঘুরছেন, কিন্তু সিপিএম বাদ পড়ছে।”
তৃণমূলের তরফে পাল্টা প্রতিক্রিয়ায় রয়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আলতাব হোসেন (Altab Hossain) বলেন, “এ রাজ্যে সবাই তো তৃণমূল করে। এই অভিযোগ ধোপে টিকবে না।”
