খেলার খবর
বিতর্কের মাঝেও পাকিস্তান ম্যাচে খেলবেন সূর্যরা, প্রথম একাদশে বুমরাহ-দুবে
ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যতই বিতর্ক তৈরি হোক না কেন, ভারতীয় দলপতি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আপাতত সেই সব বিতর্কে কান দিচ্ছেন না। তাঁর নজর শুধুই রোববারের হাইভোল্টেজ ম্যাচে। পহেলগাঁওয়ের (Pahalgam) নির্মম হত্যাকাণ্ড নিয়ে দেশের একাংশ যখন পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট বয়কটের ডাক দিচ্ছেন, তখন ভারতীয় অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি এই ম্যাচে খেলতে পেরে ‘উত্তেজিত’।
বুধবার রাতে সংযুক্ত আরব আমিরশাহীকে (UAE) সহজেই হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে সূর্য বলেন,
“আমরা সবাই পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্যাচ নিয়ে খুবই উত্তেজিত। সব খেলোয়াড়ই মুখিয়ে আছে। আমরা মাঠে ভালো পারফরম্যান্স দিতে চাই।”
এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানের সঙ্গে খেলার কোনও যুক্তি নেই। রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে ক্রিকেট বন্ধ রাখা উচিত।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। তারা জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই ভারত মাঠে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এর আগেও পাকিস্তান ভারতের মাটিতে হকি দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, ইরফান পাঠান ও হরভজন সিং পাকিস্তানের প্রাক্তনদের বিরুদ্ধে লেজেন্ডস লিগে (Legends League) খেলতেও রাজি হননি।
এই আবহে সূর্যকুমারের এমন মন্তব্য দলীয় মনোবল ও জয়ের আত্মবিশ্বাস তুলে ধরে বলেই মনে করছেন অনেকে।
সূর্য একই সঙ্গে প্রথম একাদশ (Playing XI) নিয়েও বড় ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য থেকে ইঙ্গিত মিলেছে যে, পাকিস্তানের বিরুদ্ধেও ভারত দলে খুব বেশি পরিবর্তন আনবে না।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দল তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে নামতে পারে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবেকে (Shivam Dube) রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।
অর্থাৎ, মাঠের ভেতরে আর বাইরে—দুই জায়গাতেই ভারত-পাক ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। তবে ভারত অধিনায়ক আবেগ নয়, কেবলমাত্র জয়কেই লক্ষ্য করে এগোচ্ছেন।


