কলকাতা
কলকাতায় মোদির সফরের দিনেই উড়ান দিলীপের, বিজেপির অন্দরে প্রশ্নচিহ্ন
ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন অর্থাৎ ২২ আগস্ট কলকাতায় পৌঁছবেন তিনি। মেট্রোর উদ্বোধনের পর দমদমে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রশাসন থেকে দলীয় সংগঠন—চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে সফরের সকালেই এক অন্য খবরে রাজনৈতিক মহল সরগরম। রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বেঙ্গালুরু রওনা হলেন।
গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল—মোদির (Modi) সভায় এবার আমন্ত্রণ পাবেন কি দিলীপ ঘোষ? বৃহস্পতিবার নিজেই বিষয়টি পরিষ্কার করেছিলেন বিজেপি-র এই দাবাং নেতা। সোজাসাপ্টা জানিয়েছিলেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই যাওয়া বা না-যাওয়া তাঁর নিজের সিদ্ধান্ত। অভিমানী গলায় তখনই বলে ফেলেন—“আমি কোথায় যাব, তা আমি নিজেই ঠিক করব।”
শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে দেখা যায় দিলীপ ঘোষকে। জানা গিয়েছে, তিনি বেঙ্গালুরু উড়ে গিয়েছেন। তবে কেন, তা স্পষ্ট হয়নি। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, “মোদিজি কী বলছেন তা শুনতে সভায় থাকার তো দরকার নেই। মোবাইলেও শোনা যাবে।” পাশাপাশি তিনি আরও জানান, দলের নির্দেশ মেনে নিজের দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে তাঁকে কাজে লাগানো হবে।
প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই অবস্থান স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি করেছে। বিজেপির ভেতরের অন্দরে ‘দূরত্ব’ আর অভিমানের গন্ধ আরও একবার প্রকাশ্যে এলো বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।


