ভাইরাল খবর
পুরীর জগন্নাথ মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) নিয়ে ফের দেখা দিল তীব্র নিরাপত্তা উদ্বেগ। মন্দিরের অদূরে একটি দেওয়ালে ওড়িয়া এবং ইংরেজি—দুই ভাষাতেই লেখা হয়েছে ভয়ংকর হুমকি বার্তা, যেখানে উল্লেখ আছে যে জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথদেবের এই ঐতিহাসিক মন্দির। শুধু তাই নয়, দেওয়ালে একাধিক ফোন নম্বরও দেওয়া হয়েছে এবং স্থানীয়দের উদ্দেশে ওই নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনাস্থলটি সুসজ্জিত ও পর্যটকসমৃদ্ধ এলাকা। অথচ সেখানে একাধিক লাইটপোস্ট ও দেওয়াল ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। প্রশ্ন উঠছে, এমন হাই সিকিউরিটি জোনে কীভাবে এমন কাণ্ড ঘটল? গোটা মন্দির চত্বর সিসিটিভি নজরদারিতে থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থায় এত বড় ফাঁক কেন?
আরও পড়ুনঃ রাজ্যে ১২ রাজনৈতিক দল স্বীকৃতি হারানোর পথে, নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন
এদিকে, গত কয়েক মাসে পুরীর জগন্নাথ মন্দিরে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে—পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়া, রথযাত্রায় বিশৃঙ্খলা, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, সময়মতো রথ পৌঁছতে না পারা—সব ক্ষেত্রেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন সেবায়েতদের একাংশ।
পুরী পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। কে বা কারা দেওয়ালে এই হুমকি বার্তা লিখেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার পর পুরীজুড়ে ভক্ত ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
