ডিজিটাল ডেস্কঃ SIR (Systematic Investigation of Rolls) নিয়ে চলা উত্তাপের মাঝেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গের ২৪টি জেলার ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। একমাত্র দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) কেন্দ্রের তালিকাই এখনও অধরা। কমিশনের ওয়েবসাইটে এই তালিকাগুলি আপলোড করা হয়েছে জনসাধারণের পর্যালোচনার জন্য।
গত ৫ আগস্ট প্রথম দফায় ১০৩টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে সেই সময় চারটি কেন্দ্র— কুলপি, মুরারই, রামপুরহাট এবং রাজনগরের ভোটার তালিকা পাওয়া যায়নি। নির্বাচন কমিশন এরপর সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেয় বাকি কেন্দ্রগুলোর তালিকা খুঁজে বের করার জন্য। সেই নির্দেশে সাড়া দিয়ে বীরভূম জেলার বাকি তিনটি কেন্দ্রের তালিকা পুনরুদ্ধার হলেও, কুলপির তালিকা এখনও খুঁজে পাওয়া যায়নি।
কমিশন সূত্রে জানা গিয়েছে, যদি শেষ পর্যন্ত ২০০২ সালের তালিকা কুলপির ক্ষেত্রে পাওয়া না যায়, তবে বিকল্প হিসেবে ২০০৩ সালের খসড়া (draft) ভোটার তালিকা ব্যবহার করা হবে।
Advertisement
প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া প্রথম শুরু হয় বিহারে। এখন সেটি অন্যান্য রাজ্যেও প্রসারিত হচ্ছে। বিহারে খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের বক্তব্য, এই বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় থাকা মৃত, ভুয়ো, বা বাসস্থান পরিবর্তনকারীদের চিহ্নিত করা হচ্ছে।
২০০২-২০০৪ সালের মধ্যেই শেষবার বাংলায় এই ধরনের সমীক্ষা হয়েছিল। দীর্ঘ দু’দশক পর ফের সেই পরিকাঠামোতেই পুরনো তালিকার ভিত্তিতে যাচাই শুরু করল কমিশন, যার ফলেই এখন SIR নিয়ে রাজ্য-রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্কের আবহ।