দেশের খবর
‘হর হর মহাদেব’ ধ্বনিতে মোদিকে অভিবাদন, এনডিএ বৈঠকে উঠল পাকিস্তান প্রসঙ্গও
ডিজিটাল ডেস্কঃ বহুদিন পর ফের এনডিএ সংসদীয় দলের বৈঠকে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সংসদের লাইব্রেরি ভবনে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। একই সময় ওই ভবনের অন্য একটি কক্ষে ইন্ডিয়া জোটের বৈঠকে নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
সকালে প্রধানমন্ত্রী মোদিকে এনডিএ-র পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সফলভাবে সম্পন্ন করার জন্য। উপস্থিত সাংসদেরা ‘হর হর মহাদেব’ স্লোগানে মুখর হয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সেনার ভূমিকাকে কুর্নিশ জানানো হয় এবং পাকিস্তানের পরমাণু হুমকির বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের প্রশংসা করা হয়।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী সরাসরি বিরোধী দলগুলির সংসদীয় আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বিরোধীরা গণতন্ত্রের পরিকাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে।”
আরও পড়ুনঃ ধর্ষণ ও খুনে দোষী রাম রহিম ফের প্যারোলে মুক্ত, এবার ৪০ দিনের ছুটি
অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে সংসদ চত্বরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। পাল্টা প্রতিক্রিয়ায় এনডিএ-র সাংসদরাও অধিবেশন কক্ষের বাইরে স্লোগান দেন।
সরকার আজ সংসদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে আগ্রহী। কিন্তু বিরোধী পক্ষের বাধায় তা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) এর আগেই বিরোধীদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।
এছাড়া, রাহুল গান্ধী (Rahul Gandhi)-র লাদাখ ইস্যুতে করা মন্তব্য নিয়েও আজ সংসদ উত্তপ্ত হতে পারে। সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতার উদ্দেশ্যে প্রশ্ন করেছে, “আপনি কীভাবে নিশ্চিত হলেন যে চিন ভারতের ভূখণ্ড দখল করেছে?”
সব মিলিয়ে, পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে এই বৈঠক এবং প্রধানমন্ত্রী মোদির উপস্থিতি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।v
