ডিজিটাল ডেস্কঃ উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গের কোচবিহারে (Cooch Behar)। একুশে জুলাইয়ের প্রস্তুতির মধ্যে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল ঘোকসাডাঙা স্টেশন চত্বর। সকালে মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মন (Sushil Barman) স্টেশনে ট্রেনের টিকিট কাটতে গেলে আচমকা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।
বিজেপির অভিযোগ, ওই সময় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়ি ঘিরে চিৎকার-স্লোগান শুরু হয়। এমনকি, বিধায়কের ব্যক্তিগত সহকারীকে (PA) জামার কলার ধরে টানাটানি করে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা চরমে ওঠে। বিধায়কের গাড়ির ওপর হামলা চলে, গাড়ির কাচও ভেঙে যায়।
আরও পড়ুনঃ জন্মদিনে ছেলে গ্রেফতার! মোদীকে কটাক্ষ করে ‘ধন্যবাদ’ দিলেন ভূপেশ বাঘেল
বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এটা সম্পূর্ণ একটি পরিকল্পিত হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যখন পশ্চিমবঙ্গে সফরে রয়েছেন, তখনই মাথাভাঙার বিধায়কের উপর হামলা প্রমাণ করে রাজ্যে গণতন্ত্র নেই। তাঁদের অভিযোগ, বিধায়ককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হয়েছে।
তবে ঘটনার পাল্টা ব্যাখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি বিধায়কই প্রথমে উত্তেজক মন্তব্য করেন, যা স্থানীয় কর্মীদের রোষ ডেকে আনে। তাঁর আচরণই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
এদিকে, গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এই ঘটনার জেরে একুশে জুলাইয়ের আগে কোচবিহারে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।