রাজনীতি
২১ জুলাই শহিদ দিবস ঘিরে জোর প্রস্তুতি তৃণমূলের, মোদীর সভায় কটাক্ষ সায়নী ও জয়প্রকাশের
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। তারই আবহে তৃণমূল কংগ্রেস (TMC) শুরু করেছে তাদের বার্ষিক শহিদ দিবস (Shaheed Divas) সভার প্রস্তুতি। রবিবার থেকে ধর্মতলায় শুরু হয়েছে শহিদ মঞ্চ তৈরির কাজ। সকালে খুঁটি পুজো দিয়ে শুভ সূচনা হল এই কর্মসূচির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi), সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar), সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh), একাধিক বিধায়ক ও কাউন্সিলর। দলীয় নেতৃত্বের দাবি, এবারের সভায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সর্বাধিক জনসমাগম হবে।
তৃণমূল নেতাদের বক্তব্য অনুযায়ী, শহিদ দিবস শুধু বার্ষিক শ্রদ্ধা নিবেদনের দিন নয়, বরং ২০২6 বিধানসভা ভোটের রণকৌশলের সূচনা।
এদিকে, শহিদ দিবসের ঠিক আগেই, ১৮ জুলাই দুর্গাপুরে (Durgapur) সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সভা ঘিরেই শুরুর আগেই শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ।
দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “মোদীর দুর্গাপুর সফর আদতে শুভেন্দু বনাম দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক সার্কাস।”
অন্যদিকে, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বলেন, “১৭ জুলাই আমি আসানসোলে সভা করব, ১৮ তারিখ মোদীজি আসছেন। কে কতটা জনপ্রিয়, মানুষই বুঝে নেবে। এত বার এসে গিয়ে ট্যাক্সের টাকা নষ্ট করার দরকার নেই। বরং এখানেই ঘর ভাড়া নিয়ে থেকে যান!”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সভা এবং পাল্টা সভাগুলি আগামী নির্বাচনের আগাম বার্তা বহন করছে। তাই এবারের ২১ জুলাই সভা হতে চলেছে শুধুমাত্র স্মরণ নয়, রাজনৈতিক শক্তিপরীক্ষার মঞ্চও বটে।
