ডিজিটাল ডেস্কঃ কসবা ল’ কলেজ (South Calcutta Law College)–এর ছাত্রীকে ঘিরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গণধর্ষণ-কাণ্ডে এবার তদন্তে গতি আনতে ময়দানে নামল কলকাতা পুলিশ। শনিবার সকালে নির্যাতিতাকে সঙ্গে নিয়ে কলেজ চত্বরে ঘটনাস্থলের পুনর্গঠন (crime scene reconstruction) করে পুলিশ। প্রক্রিয়া চলে প্রায় দুই ঘণ্টা। এই পুরো পর্বের ভিডিওগ্রাফি করা হয়েছে বলেও জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
তদন্তকারী সূত্রে খবর, ২৫ জুন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত সময়কালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিণীর বয়ান ও ফুটেজে এখন পর্যন্ত প্রাথমিক মিল পাওয়া গিয়েছে। ফুটেজ অনুযায়ী, অভিযুক্ত তিন ছাত্র এবং নিরাপত্তারক্ষী ঘটনাস্থলের আশেপাশেই ছিলেন। অভিযোগকারিণীর দাবি, নিরাপত্তারক্ষীকে সাহায্যের আবেদন করলেও তিনি কোনও সাড়া দেননি।
আরও পড়ুনঃ ফলের রসে মাদক, ধর্ষণ, ব্ল্যাকমেল—যোগিরাজ্যে নৌসেনা আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
তদন্তে উঠে এসেছে, ঘটনার শুরু কলেজের ইউনিয়ন রুমে ধস্তাধস্তির মাধ্যমে। সেখান থেকে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় নিরাপত্তার ঘরে, যেখানে তাঁর উপর ঘটে ভয়াবহ অত্যাচার। অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে সরাসরি শারীরিক নিগ্রহের অভিযোগ, অন্য দুই জন সক্রিয়ভাবে সহযোগিতা করে বলেও মনে করছে পুলিশ। ধৃত নিরাপত্তারক্ষীর উপস্থিতির প্রমাণ মিলেছে সিসিটিভিতে। যদিও জিজ্ঞাসাবাদে অসংলগ্ন জবাব দিয়েছেন তিনি।
এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে চারজন—তিন ছাত্র এবং এক নিরাপত্তারক্ষী। তিন ছাত্রকে বৃহস্পতিবার রাতে ধরা হয়, পরে আদালত তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঘটনায় পূর্বপরিকল্পনার আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপকুমার ঘোষাল (Pradip Kumar Ghosal)। ইতিমধ্যেই অভিযোগকারিণী ও তাঁর পরিবারের গোপন জবানবন্দির জন্য আদালতে আবেদন করা হয়েছে। তদন্ত জোরকদমে চলছে।