রাজনীতি
‘আমরা কি বোমা নিয়ে যাচ্ছি?’—বিধানসভায় নিরাপত্তা নিয়ে বিজেপির জোরালো প্রশ্ন
ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় (West Bengal Assembly) প্রবেশ পথে কড়া নিরাপত্তা ঘিরে ফের প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার একই অভিযোগ সামনে আনলেন অগ্নিমিত্রা।
বুধবার সকালে বিধানসভায় ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা অগ্নিমিত্রার গাড়ি থামিয়ে চেকিং করতে চান। সেখানেই শুরু হয় তর্ক। পরে সাংবাদিকদের অগ্নিমিত্রা বলেন, “চেকিংয়ের নামে শুধু বিজেপি বিধায়কদের গাড়ি থামানো হচ্ছে। আমাদের কি মনে করে? আমরা কি বোমা নিয়ে আসছি?”
তিনি আরও বলেন, “মুর্শিদাবাদে যখন মানুষকে প্রকাশ্যে মারধর করা হয়, তখন তো পুলিশের কিছু জানার থাকে না। তখন কোনও কড়াকড়ি হয় না। অথচ বিধানসভায় শুধু আমাদের দিকেই সব নিয়ম। এটা কি দুই ধরনের আইন নয়?”
আরও পড়ুনঃ যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরলেন ১১০ ভারতীয় পড়ুয়া
অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, “যদি নিরাপত্তার স্বার্থে সব গাড়ি চেক করা হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মন্ত্রীদের গাড়িও কি চেকিং করা হয়? তাঁদের গাড়ি কি আলাদা? তাহলে সেটা লিখে দেওয়া হোক, ‘এটা মমতা গেট (Mamata Gate)’!”
প্রসঙ্গত, ঠিক একই কথা দিনকয়েক আগেই বলেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছিলেন, “সব গেটে যদি নিরাপত্তা থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর গেটেও তো চেকিং করা উচিত। না হলে ওটাই মমতা গেট লিখে দিক।”
এদিন অগ্নিমিত্রা আরও অভিযোগ করেন, তাঁর গাড়ির ড্যাশবোর্ডে রাখা বিজেপির পতাকা নিয়েও আপত্তি জানান নিরাপত্তারক্ষীরা। তিনি বলেন, “তৃণমূলের (TMC) বিধায়কদের গাড়িতে বড় করে তৃণমূলের প্রতীক লাগানো থাকে, তখন কোনও সমস্যা হয় না। শুধু বিজেপির গাড়িতেই যত আপত্তি। বিধানসভায় সব ব্যাপারেই দুই ধরনের নিয়ম চলছে। ভিতরে মাইকও বন্ধ করে দেওয়া হয়, যাতে আমাদের কথা শোনা না যায়।”
এই বিষয়ে এখনও পর্যন্ত বিধানসভার স্পিকারের কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রতিক্রিয়া এলে পরবর্তীতে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
