বিশ্বের খবর
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ১২ দেশের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প
ডিজিটাল ডেস্ক: জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমেরিকায় অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, একসঙ্গে ১২টি দেশের নাগরিকদের উপর সম্পূর্ণভাবে আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি আরও ৭টি দেশের জন্য আংশিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন নির্দেশিকা আগামী ৯ জুন থেকে কার্যকর হবে।
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন—এই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার মতো ৭টি দেশের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু ভিসা বা প্রবেশাধিকার আংশিকভাবে সীমিত থাকবে।
ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘Truth Social’-এ এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “আমরা এমন কোনও দেশ থেকে অভিবাসীদের প্রবেশ করতে দিতে পারি না, যেখান থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে কোনও তথ্য যাচাই করা সম্ভব নয়। সেই কারণেই আমি এই নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করছি।”
এই ঘোষণার পরই বিভিন্ন আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই একে ট্রাম্পের নির্বাচনী রাজনীতির অংশ বলে মনে করছেন। আবার একাংশ বলছেন, নিরাপত্তার স্বার্থে এই ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, আমেরিকায় অভিবাসন নিয়ে বিতর্ক ফের চাঙ্গা হয়ে উঠেছে এই নির্দেশের জেরে।
