রাজনীতির প্রাক্তন সহকর্মীই জীবনসঙ্গী, বিয়ের পিঁড়িতে মহুয়া মৈত্র
Connect with us

ভাইরাল খবর

রাজনীতির প্রাক্তন সহকর্মীই জীবনসঙ্গী, বিয়ের পিঁড়িতে মহুয়া মৈত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিনের সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিদেশের মাটিতে, সকলের চোখের আড়ালে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন কৃষ্ণনগরের এই সাংসদ। সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বিজু জনতা দলের (BJD) প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী পিনাকী মিশ্রকে (Pinaki Mishra)।

টেলিগ্রাফ পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, গত ৩ মে জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে সম্পন্ন হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। ঘনিষ্ঠ মহলেই সীমাবদ্ধ ছিল এই বিশেষ মুহূর্ত। বর-কনে উভয়ের কাছ থেকে কিংবা তাঁদের দলের পক্ষ থেকেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা এক ছবিতে নবদম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, মহুয়া ও পিনাকীর মধ্যে বহুদিন ধরেই বন্ধুত্বের সম্পর্ক ছিল, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়ে ওঠে। বিয়ের দিন গোলাপি ও হলুদ রঙের শাড়িতে সেজেছিলেন মহুয়া, গয়নার সাজেও ছিল পরিমিত সৌন্দর্য। পিনাকী মিশ্র পরেছিলেন সাদা কুর্তা-পাজামা ও জহর কোট—দু’জনের পোশাকে রঙের সামঞ্জস্য নজর কাড়ে।

মহুয়া মৈত্রের (Mahua Moitra) এটি দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি ডেনমার্কের ব্যবসায়ী লার্স ব্ররসনের (Lars Brorson) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে সেই সম্পর্ক বিচ্ছেদে পৌঁছায়। অন্যদিকে, পিনাকী মিশ্রের (Pinaki Mishra) ক্ষেত্রেও এটি দ্বিতীয় বিয়ে। পিনাকীর বয়স ৬৫, মহুয়ার বয়স ৫১।

আরও পড়ুনঃ জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ১২ দেশের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

Advertisement
ads

এখানে উল্লেখযোগ্য যে, একসময় মহুয়ার পোষ্যের হেফাজত নিয়ে প্রাক্তন সঙ্গী আইনজীবী জয় অনন্ত দেহদরাইয়ের (Jai Anant Dehadrai) সঙ্গে তিক্ততা চরমে উঠেছিল এবং সেই সূত্র ধরেই পরে সাংসদ পোর্টাল লগইন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই ঘটনার জেরেই সাংসদ পদও হারান মহুয়া। তবে সেই কঠিন অধ্যায় পেরিয়ে এখন নতুন এক জীবন শুরু করলেন তিনি।

আদালতেও একাধিকবার পিনাকী মিশ্রকে মহুয়ার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে। বিশেষত, সংসদীয় বাংলো খালি করার সময় তিনি আইনি সহায়তায় পাশে দাঁড়িয়েছিলেন মহুয়ার। রাজনীতির জটিলতায় জন্ম নেওয়া সম্পর্ক অবশেষে বাঁধা পড়ল দাম্পত্যে।

সাধারণত বলিউড তারকাদের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং জনপ্রিয় হলেও, ভারতীয় রাজনীতিতে এমন দৃশ্য একেবারেই বিরল। আর সেই দৃষ্টান্তই স্থাপন করলেন মহুয়া ও পিনাকী, যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে সামাজিক মাধ্যম পর্যন্ত।

চুপিসারে হলেও মহুয়ার এই পরিণয়ের খবর সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে সর্বত্র। এখন দেখার, রাজনীতির মঞ্চে যিনি বরাবর জোরালো, তিনি ব্যক্তিগত জীবনেও কীভাবে এই নতুন যাত্রাপথে এগিয়ে যান।

Advertisement
ads
Continue Reading
Advertisement