কাশ্মীর ইস্যুতে ফের হস্তক্ষেপের ইঙ্গিত, ভারত-পাক সংঘাত ঠেকাতে বাণিজ্য চুক্তির হুঁশিয়ারি ট্রাম্পের
Connect with us

অপারেশন সিঁদুর

কাশ্মীর ইস্যুতে ফের হস্তক্ষেপের ইঙ্গিত, ভারত-পাক সংঘাত ঠেকাতে বাণিজ্য চুক্তির হুঁশিয়ারি ট্রাম্পের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দিল্লির কড়া আপত্তি সত্ত্বেও ফের ভারত-পাকিস্তান সংঘর্ষ থামানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, আগামী দিনে যদি দুই দেশের মধ্যে ফের সংঘাত শুরু হয়, তাহলে তাঁর প্রশাসন কোনও বাণিজ্য চুক্তিতে এগোবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার ওভাল অফিসে টেসলা কর্তা এলন মাস্ক (Elon Musk)-কে পাশে বসিয়ে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “যে দেশগুলি একে অপরকে গুলি করে, তাদের সঙ্গে আমরা ব্যবসা করি না— বিশেষ করে যারা পরমাণু অস্ত্র রাখে।” ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ চাই না, চাই শান্তি ও বাণিজ্য। যুদ্ধে নয়, চুক্তিতেই সমাধান।”

ট্রাম্প জানান, আগামী সপ্তাহে পাকিস্তানের (Pakistan) প্রতিনিধি দল আমেরিকায় আসছে এবং ভারতের (India) সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে দুই দেশ যদি ফের উত্তেজনার পথে হাঁটে, তাহলে আমেরিকা কোনও চুক্তিতেই যাবে না। তাঁর কথায়, “আমি গর্বিত হব যদি পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে থামিয়ে শান্তিপূর্ণ চুক্তি করাতে পারি।”

আরও পড়ুনঃ পরিবারের বচসার জেরে নৃশংস খুন, কাটা মাথা হাতে ধরা দিল অভিযুক্ত

Advertisement
ads

এদিকে, কিছুদিন আগে সংসদীয় বিদেশবিষয়ক কমিটিতে বিদেশসচিব বিক্রম মিসরি (Vikram Misri) স্পষ্ট জানিয়ে দেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে দ্বিপাক্ষিক আলোচনা থেকেই। এখানে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই, আমেরিকাও এর ব্যতিক্রম নয়।”

প্রসঙ্গত, অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। এমনকি পহেলগাঁও হামলার পর তিনি বলেছিলেন, “কাশ্মীরের (Kashmir) সংঘাত হাজার বছরের পুরনো, এটা খুব তাড়াতাড়ি মেটার নয়।” তবে দিল্লি বরাবরই জানিয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না— তা সে ‘বন্ধু’ আমেরিকা হলেও।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাণিজ্য চুক্তির মাধ্যমে কি কৌশলে কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের পথ খুঁজছেন ট্রাম্প? যদিও ভারত সরকারের অবস্থান স্পষ্ট— কূটনীতিই একমাত্র সমাধান এবং কোনও অবস্থাতেই দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

Advertisement
ads
Continue Reading
Advertisement