রাজ্যের খবর
বিদেশ সফরে ইউসুফ পাঠানের নাম ঘোষণা কেন্দ্রের, ‘না’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাসবাদ ঘিরে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান তুলে ধরতে বিদেশ সফরে যাচ্ছে এক বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল। তবে সেই প্রতিনিধিদলে নাম থাকা সত্ত্বেও সফরে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। দলীয় সূত্রে খবর, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কেন্দ্রের একতরফা পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।
সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার ইউসুফ পাঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। কিন্তু প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বহরমপুরের সাংসদ পাঠান সাফ জানিয়ে দেন, তিনি এই বিদেশ সফরে অংশ নিতে পারছেন না। এরপর তৃণমূল কংগ্রেস কেন্দ্রকে স্পষ্টভাবে জানায়, ইউসুফ পাঠান তো নয়ই, দলের কোনও সাংসদই এই প্রতিনিধিদলে অংশ নেবেন না।
আরও পড়ুনঃ উত্তরের সফরে প্রশাসনিক কাজে নয়, ঘুরতে— মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর
তৃণমূলের অবস্থান আরও স্পষ্ট করে জানানো হয়েছে দলের তরফে। বিবৃতিতে বলা হয়েছে, “দেশের নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর ভূমিকাকে আমরা পূর্ণ সমর্থন জানাই। তাঁরা আমাদের গর্ব। কিন্তু আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব এবং কূটনৈতিক দায়িত্ব সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের বিষয়। সেই দায়িত্ব কেন্দ্রই পালন করুক, সেটাই যুক্তিসংগত।”
তৃণমূলের এমন অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ, একদিকে তারা সন্ত্রাসবিরোধী অভিযানে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে কেন্দ্রের ‘একতরফা সিদ্ধান্তের’ বিরোধিতাও করছে কড়া ভাষায়।
এ প্রসঙ্গে কংগ্রেসও (Congress) কেন্দ্রের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ তুলেছে। দলটির দাবি, তারা চারজন সাংসদের নাম দিলেও, সরকার নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করেছে। বিরোধীদের দাবি, বহুদলীয় প্রতিনিধি দল গঠনের ক্ষেত্রে কোনও আলোচনার জায়গা না রেখে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
