‘হামলা জানা ছিল মোদীর, তবু সতর্কতা নয়’— খাড়গের বিস্ফোরক অভিযোগ
Connect with us

হামলা

‘হামলা জানা ছিল মোদীর, তবু সতর্কতা নয়’— খাড়গের বিস্ফোরক অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলা নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার তাঁকে সরাসরি নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর বিস্ফোরক অভিযোগ, হামলার ঠিক তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা সতর্কবার্তা পৌঁছেছিল, সেই কারণেই তিনি জম্মু-কাশ্মীর সফর বাতিল করেন। খাড়গের কথায়, প্রধানমন্ত্রী যখন হামলার সম্ভাবনা সম্পর্কে আগাম জানতেন, তখন তিনি কেন নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশকে সতর্ক করেননি?

রাঁচিতে এক জনসভায় খাড়গে বলেন, “আমি সংবাদপত্রে পড়েছি, ২২ এপ্রিলের হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীকে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। তারপরই তিনি কাশ্মীর সফর বাতিল করেন। যদি আগে থেকেই আশঙ্কা ছিল, তাহলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ কেন নেওয়া হয়নি?” তাঁর অভিযোগ, গোয়েন্দা ব্যর্থতার দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি। ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় ওঠে। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেয় এবং প্রধানমন্ত্রী ঘোষণা করেন, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

কিন্তু এই আবহেই খাড়গের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক। ক্ষমতাসীন বিজেপি এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছে। দলের মুখপাত্র সিআর কেশবন (CR Kesavan) বলেন, “খাড়গে আধুনিক যুগের মীর জাফর (Mir Jafar)। তাঁর এই মন্তব্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একেবারেই ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি যেন স্পষ্ট করেন, এই তথ্য তিনি কোথা থেকে পেয়েছেন। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

Advertisement
ads

উল্লেখযোগ্যভাবে, ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফরের অংশ হিসেবে কাটরা-শ্রীনগরগামী একটি নতুন ট্রেন উদ্বোধনের কথা ছিল। শেষপর্যন্ত সেই কর্মসূচি বাতিল করা হয়। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণেই সফর বাতিল। তবে সেই সিদ্ধান্ত নিয়েও জল্পনা ছড়ায়।

প্রথমে বিরোধী দলগুলি পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করে সরকারের পাশে দাঁড়ালেও, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক ভাষণে বিরোধীদের কটাক্ষ করার পর থেকেই অবস্থান পাল্টেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর সেই সুযোগেই সরাসরি আক্রমণে নামলেন খাড়গে।

Continue Reading
Advertisement