শিক্ষা
মাধ্যমিকে রাজ্যসেরা আদৃত, ৬৯৬ নম্বর! কোন দুই বিষয়ে হারাল পূর্ণমান?
ডিজিটাল ডেস্কঃ এবছর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination 2025) ফল প্রকাশে ফের একবার উত্তরের জেলাগুলির দাপট স্পষ্ট। মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৬ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের (Raiganj Coronation High School) ছাত্র আদৃত সরকার (Adrit Sarkar)। তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের হিসেবে যা ৯৯.৪৩।
ফুলমার্কস চার বিষয়ে, সামান্য কাটলো দু’টিতে:
আদৃতের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই সে পেয়েছে পূর্ণ নম্বর। একইভাবে অঙ্ক, ভৌতবিজ্ঞান ও ইতিহাসেও (Math, Physical Science, History) অর্জন করেছে ফুলমার্কস। কেবলমাত্র জীবন বিজ্ঞান ও ভূগোলে (Life Science, Geography) দু’টি করে নম্বর কাটা গিয়েছে। ফলে ৭০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৬। সব বিষয়েই গ্রেড AA।
টানা অধ্যবসায়ে সফলতা:
নিজের ফলাফল প্রসঙ্গে আদৃত জানায়, প্রথম দশে নাম থাকবে, এই আশাটা ছিলই। তবে রাজ্যসেরা (State Topper) হবে—এটা কল্পনা করেনি। ফলাফল হাতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি সে। সারা বছর ধরে নিয়মিত পড়াশোনার মধ্যে ছিল আদৃত। বিশেষ করে পরীক্ষার সময় দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনায় মন দিত। তবে তা কোনও বাঁধাধরা সময়সূচিতে নয়—যখন সময় পেত, মন দিয়ে পড়ত। পরিবার থেকেও সবসময় অনুপ্রেরণা পেয়েছে বলে জানায় আদৃত।
লক্ষ্য ডাক্তারি, ঝোঁক সাহিত্যে:
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আদৃত জানায়, সে চিকিৎসা শাস্ত্র (Medical Science) নিয়ে পড়াশোনা করতে চায়। সেই লক্ষ্যেই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। পড়াশোনার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs)-এর প্রতি রয়েছে গভীর আগ্রহ। গান-সিনেমা নয়, বরং সাহিত্যের (Literature) প্রতিই ঝোঁক রয়েছে এই কৃতি ছাত্রের।
