দুর্ঘটনা
ওয়াকফ উত্তেজনার পরে অবশেষে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, ৫ মে সফরের সম্ভাবনা
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদে সাম্প্রতিক ওয়াকফ আইন ঘিরে অশান্তির পরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চলেছেন। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ৫ মে, সোমবার তিনি পৌঁছাতে পারেন সামশেরগঞ্জে। যদিও সরকারি ভাবে এখনো চূড়ান্ত সফরসূচি ঘোষণা হয়নি।
গত কয়েক সপ্তাহে রাজ্যের একাধিক জায়গায় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। মুর্শিদাবাদে সেই উত্তেজনা ছড়ায় ভয়াবহ আকারে। ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা থেকে শুরু করে বহু মানুষকে ঘরছাড়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই প্রেক্ষাপটে রাজ্যের প্রশাসন ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিরোধীরা ধারাবাহিকভাবে প্রশ্ন তুলে আসছিল।
আরও পড়ুনঃ টোলের সিস্টেমে বড়সড় পরিবর্তন! আর ফার্স্ট ট্যাগ এর মাধ্যমে গুনতে হবে না কর
সেই সময়েই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘‘সময় এলে সব ফাঁস করব, যাবই মুর্শিদাবাদে।’’ এবার তারই বাস্তবায়ন হতে চলেছে আগামী সোমবার। জানা গিয়েছে, সামশেরগঞ্জে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সরকারি সাহায্য তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও ধূলিয়ানেও মুখ্যমন্ত্রীর একটি ছোট কর্মসূচি নির্ধারিত হতে পারে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ওয়াকফ আইন সংশোধন এবং তার পরবর্তী বাস্তবায়ন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসন্তোষ তৈরি হয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইতিমধ্যেই মুর্শিদাবাদ সফর করে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন। এবার মুখ্যমন্ত্রীর সফরে রাজ্য সরকারের পক্ষ থেকেও জনসংযোগ ও পুনর্বাসনের বার্তা পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।
