রাজ্যের খবর
গেরুয়া নেতার ‘দাদাগিরি’র ছায়া বর্ধমানে! চায়ের দোকান ভাঙচুর করে শিশুর উপর হামলা
ডিজিটাল ডেস্কঃ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর এক হামলার ঘটনা। একটি চায়ের দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও এক কিশোরের উপর গরম দুধ ঢেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিজেপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওয়ানদিঘি এলাকার বাসিন্দা উমাশঙ্কর সাউ বহুদিন ধরে একটি ছোট চায়ের দোকান চালান। প্রায় এক বছর আগে তিনি ব্যক্তিগত আর্থিক প্রয়োজনে মির্জাপুরের বাসিন্দা এবং পেশায় নির্মাণ ব্যবসায়ী অমিত মাকড়ের কাছ থেকে ধার নিয়েছিলেন কিছু টাকা। অভিযোগ, সেই লেনদেন নিয়ে গত কয়েক মাস ধরে উভয়ের মধ্যে টানাপোড়েন চলছিল।
আরও পড়ুনঃ ‘মঞ্চ লালের, ভোট পদ্মে’—বামেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৃণমূলের
শনিবার দুপুরে ঘটনাটি চরমে ওঠে। দোকান মালিক উমাশঙ্কর সাউ সেসময় দোকানে ছিলেন না। সেই সুযোগে বিজেপির ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অমিত মাকড় পাঁচজন অনুচর নিয়ে চায়ের দোকানে চড়াও হন বলে অভিযোগ। দোকানে উপস্থিত ছিলেন উমাশঙ্করের মাত্র ১২ বছরের ছেলে। অভিযোগ, দোকানে প্রবেশ করেই ভাঙচুর চালান অভিযুক্তেরা। প্রতিবাদ জানালে, কিশোরটির গায়ে সজোরে ঢেলে দেওয়া হয় ফুটন্ত দুধ!
এই বর্বরতায় গুরুতর জখম হয় ওই শিশু। তাকে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে।
অভিযুক্ত অমিত মাকড় বর্তমানে বিজেপির মণ্ডল স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা। এমন একজন ব্যক্তি কীভাবে প্রকাশ্যে এমন হিংসাত্মক আচরণ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের গ্রেপ্তারির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। অভিযোগ পাওয়ার পর দেওয়ানদিঘি থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত অমিত মাকড় পলাতক থাকলেও, তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
