‘মঞ্চ লালের, ভোট পদ্মে’—বামেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৃণমূলের
Connect with us

রাজ্যের খবর

‘মঞ্চ লালের, ভোট পদ্মে’—বামেদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বামেদের ব্রিগেড সমাবেশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল রবিবার। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই জমায়েতকে উদ্দেশ করে তীব্র কটাক্ষ করেন। সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন, সিপিএমের মঞ্চ থাকলেও, বহু অংশগ্রহণকারীই আসলে গোপনে বিজেপিকে সমর্থন জানিয়ে এসেছেন।

কুণাল ঘোষের দাবি, “এই সমাবেশের বেশির ভাগ লোকই বাস্তবে পদ্মফুলে ভোট দেন। মুখে বিপ্লবের বুলি থাকলেও ভোট দেওয়ার সময় তাঁরা বিজেপির পাশেই দাঁড়ান।” তিনি আরও লেখেন, “যাঁরা আজ ব্রিগেডে গলা ফাটাচ্ছেন, তাঁদের একটা বড় অংশ বিগত নির্বাচনে বিজেপিকেই ভোট দিয়েছেন। সেটাই বারবার বিভিন্ন নির্বাচনে পরিসংখ্যানে ধরা পড়েছে।”

আরও পড়ুনঃ বৈশাখী রোদের তাপে লাল টানের জয়—শরীর ক্ষয়, তবু ব্রিগেডে হাজির প্রত্যয়ের কমরেড

তাঁর পোস্টে কুণাল একাধিক বার ‘রামবাম’ শব্দটি ব্যবহার করে বলেন, “এই ব্রিগেড মুখোশধারী রামবামদের মিছিল। উপর দিয়ে বিপ্লব, ভিতরে সাম্প্রদায়িক হাত ধরা।”

Advertisement
ads ads

এই বক্তব্যের পাশাপাশি, তিনি একটি পুরনো ভিডিও পোস্ট করেন যেখানে এক ব্যক্তি নিজেকে বাম কর্মী দাবি করলেও বুথে বিজেপিকে জেতাতে কাজ করবেন বলেই জানান। সেই ভিডিওর ক্যাপশনে কুণাল লেখেন, “এই হল রক্ত-মাটি-বিপ্লবের আড়ালে আসল চেহারা – ইনকিলাব জিন্দাবাদ থেকে জয় শ্রীরাম, এই যাত্রাটা কারা করলেন, মানুষ দেখেছে।”

রাজনৈতিক মহলের মতে, এই কটাক্ষ মূলত বামেদের ভোটারভিত্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমানসে প্রশ্ন তোলার একটি প্রচেষ্টা। অন্যদিকে, বাম নেতৃত্ব আগেই স্পষ্ট করে জানিয়েছে, তারা তৃণমূল ও বিজেপি উভয়কেই বাংলার শত্রু হিসেবে দেখে এবং তাঁদের আন্দোলন কোনওভাবেই গেরুয়া শিবিরের সঙ্গে মিশে যাওয়ার কথা নয়।

Advertisement
ads ads

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মাটির স্তরে যে একাংশ বামপন্থী ভোটার বিজেপিমুখী হয়েছেন, তা অস্বীকার করার জায়গা নেই। আর সেই বাস্তব চিত্রকেই হাতিয়ার করে শাসকদল বর্তমানে প্রচার কৌশল সাজাচ্ছে।

Continue Reading
Advertisement ads