ভাইরাল খবর
১২ বছর পর নাগপুরে মোদি, আরএসএসের সঙ্গে বিশেষ সংযোগ
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) সদর দফতরে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ডঃ বালিরাম হেগড়েওয়ারের সৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নাগপুরের রেশম বাগে অবস্থিত হেগড়েওয়ার স্মৃতিমন্দির পরিদর্শন করলেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। এ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি ‘দেশভক্তভূমি’ ঘুরে দেখেন এবং মহাত্মা বুদ্ধস্থলে প্রার্থনা করেন। পরে, আরএসএস ও তাদের স্বেচ্ছাসেবকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ, এবং সঙ্ঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা জোগায়।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের প্রচেষ্টা ভারতকে আরও উজ্জ্বল করুক।”
আরও পড়ুনঃ মমতার লন্ডন সফরে বিক্ষোভ, ‘পয়সার শ্রাদ্ধ’ নিয়ে তোপ দিলীপের
প্রধানমন্ত্রী মোদির এ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর আগে তিনি ২০১৩ সালের জুলাই মাসে আরএসএসের সদর দফতর পরিদর্শন করেছিলেন, যখন তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলেন। দীর্ঘ ১২ বছর পর, তিনি আবার নাগপুর সফরে এলেন।
এ সফর এমন এক দিনে অনুষ্ঠিত হলো, যেদিন মহারাষ্ট্রে ‘গুডি পড়ওয়া’ উৎসব পালিত হয়, যা ‘বিক্রম সম্বত’ বা হিন্দু নববর্ষের প্রথম দিন হিসেবে পরিচিত। এই উপলক্ষ্যে তাঁর আরএসএস সদর দফতর পরিদর্শনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। নাগপুর সফর শেষ করে তিনি ছত্তিসগড়ের উদ্দেশে রওনা হন।
