গাছ থেকে আম পাড়ায় শিশুকে পিটিয়ে মারার ঘটনায় চারদিন পর পুলিশের জালে অভিযুক্ত বাগান মালিক
Connect with us

দক্ষিণ দিনাজপুর

গাছ থেকে আম পাড়ায় শিশুকে পিটিয়ে মারার ঘটনায় চারদিন পর পুলিশের জালে অভিযুক্ত বাগান মালিক

Dipa Chakraborty

Published

on

বংশীহারী , ৮জুন : গাছ থেকে আম পাড়ায় শিশুকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত বাগান মালিককে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার পুলিশ। ঘটনার চার দিন পর সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার জামতলা এলাকা থেকে অভিযুক্ত কাজি মোক্তাহার ফারুক (৩৩) কে গ্রেফতার করা হয়।

এরপর অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষার পর করোনা টেস্টও করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কাজী মোক্তেহার ফারুকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে মঙ্গলবার ধৃতকে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। প্রত্যক্ষদর্শী মৃত শিশু আসাদুর রহমানের দুই বন্ধু সিদ্দিকুল্লা রহমান(৭) ও দিলশাদ হোসেন (৭) কে সাক্ষী হিসেবে আদালতে আনা হয়। দুই শিশুরও করোনা টেস্ট করা হয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার ৩ জুন বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলকুরিয়া গ্রামে তিন বন্ধু মিলে আম পাড়তে গিয়েছিল একটি বাগানে। গাছ থেকে আম পাড়ায় আসাদুর রহমানকে ধরে বেধড়ক বাগান মালিক কাজী মোক্তেহার ফারুক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সাত বছরের শিশু আসাদুর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত কাজী মোক্তেহার ফারুক৷ হন্যে হয়ে কয়েকদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে সোমবার বিকেলে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত৷ এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃত শিশুর পরিবার ও এলাকাবাসীরা৷