দেশ
5 জি পরিষেবার তালিকা থেকে বাদ খোদ সরকারি সংস্থা বি এস এন এল
নিউজ ডেস্ক, ০৬ মে : নেট পরিষেবায় আরও যুগান্তকারী উন্নতির পথে দেশের টেলিকম পরিষেবা। আসতে চলেছে 5G। এই সংক্রান্ত পরিষেবায় ট্রায়াল শুরুর সবুজ সংকেত দিল টেলিকম মন্ত্রক।
ভারতী এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও ইনফোকম (Jio), ভোডাফোন আইডিয়া এবং এমটিএনএল এই কয়েকটি সংস্থাকে বলা হয়েছে, গ্রামীণ, মফস্বল এবং শহর এলাকায় এই ট্রায়ালের প্রস্তুতি নিতে। এই ট্রায়াল শুরুর জন্য এরিকসন, নোকিয়া, স্যামসং, সি-ডট এবং রিলায়েন্স জিওর দেশীয় প্রযুক্তিকে কাজে লাগানো হবে। ফলে আপাতত চিনা প্রযুক্তি ছাড়াই 5G চালু করতে চাইছে ভারত সরকার। তবে চিনা প্রযুক্তিকে বাদ দেওয়া হলেও রাষ্ট্রায়ত্ব সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডকে (BSNL) 5G ট্রায়ালের তালিকায় রাখা হয়নি। এমনিতে 4G স্পেক্ট্রামও দেওয়া হয়নি বিএসএনএলকে। তাই ক্রেতাদের চাহিদার দৌড়ে একদম পিছনের সারিতে চলে গিয়েছে বিএসএনএল সংস্থা। বিষয়টি নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বেসরকারি সংস্থাগুলিকে অনৈতিক ভাবে সুবিধা পাইয়ে দিতে বিএসএনএল-কে পিছন থেকে টেনে ধরা হচ্ছে বলে অভিযোগ। এমনকী সংস্থার এমন হাল যে কর্মীরা দীর্ঘদিন বেতনও পাননি। কিন্তু অনেকেই মনে করছিলেন 4G পরিষেবার সুযোগ না পেলেও হয়তো 5G-র হাত ধরে ফের ঘুরে দাঁড়াতে পারবে বিএসএনএল। কিন্তু আপাতত সে সম্ভাবনাও বিশ বাঁও জলে।
