কলকাতায় রেলের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা রাজ্যের, পাল্টা আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রেরও
Connect with us

রাজ্যের খবর

কলকাতায় রেলের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা রাজ্যের, পাল্টা আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রেরও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৯ জনের৷ ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাত্রি ১১ টার পর ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনা খতিয়ে দেখেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও ঘটনাস্থলে রেল দপ্তরের পদস্থ আধিকারিকদের দেখা মেলেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে এই ঘটনার পর রাজ্যের ঘোষণার পাল্টা কেন্দ্রীয় সরকারও মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। যদিও রাজ্যের তুলনায় কেন্দ্রীয় সাহায্য অনেকটাই কম। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। উল্লেখ্য সোমবার সন্ধেয় আগুন লাগে স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের সদরদপ্তর (Rail HQ) নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন (Fire) নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলের কর্মীরা। মাঝরাতে নিয়ন্ত্রণে আসে আগুন। মঙ্গলবার সকালে কুলিং প্রসেস অর্থাৎ গোটা বিল্ডিং ঠাণ্ডা করার কাজ চলছে। যাতে কোনও অংশ থেকে নতুন করে না আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এই ‘যুদ্ধে শহীদ’ হয়েছেন ৯ জন। এসএসকেএম হাসপাতালে রাখা হয়েছে ন’জনের দেহ। তাঁদের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি।

Continue Reading
Advertisement