বিশ্বের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২৮ ছাত্র সাসপেন্ড, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্র জানাচ্ছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য। প্রসঙ্গত, বাংলাদেশে ছাত্রলীগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামসউদ্দীন আহমেদ জানিয়েছেন, এই ১২৮ জনকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কতদিনের জন্য তা নির্দিষ্ট করা হয়নি। ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে এক বিশাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠে। ১৫ জুলাই থেকে ৫ অগস্টের মধ্যে আন্দোলনকারীদের ওপর একাধিকবার হামলার অভিযোগ ওঠে।
আরও পড়ুনঃ জমির বিনিময়ে রেলে চাকরির অভিযোগ! ফের তলব লালু ও তাঁর পরিবারকে
বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অনুসন্ধান কমিটি গঠন করে। ওই কমিটি সম্প্রতি উপাচার্য নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপরই ১২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মাহফুজুল হক সুপণ জানিয়েছেন, শুধু ছাত্ররাই নয়, আন্দোলন দমনে ৭০ জন শিক্ষকও প্ররোচনা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত বহিষ্কৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন অধ্যাপক তাজমেরী এস ইসলাম। এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই ১২৮ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে।
