উত্তর দিনাজপুর
লক্ষ্য আইআইটি, মাধ্যমিক দিয়েই হায়দরাবাদে পাড়ি দিয়েছিলেন মেয়েদের মধ্যে প্রথম বেদশ্রুতি
ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শেষ হতেই ভবিষ্যতের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের মেধাবী ছাত্রী বেদশ্রুতি সিংহ। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে সে। একইসঙ্গে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথমও বেদশ্রুতি।
ইসলামপুর গার্লস স্কুলের ছাত্রী বেদশ্রুতি ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী। পরিবার ও স্কুল সূত্রে জানা গিয়েছে, নিয়মিত অধ্যবসায় (Hard Work), আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের জোরেই এই সাফল্য এসেছে তার জীবনে।
তবে মাধ্যমিকের ফল প্রকাশের আগেই নিজের ভবিষ্যৎ লক্ষ্য স্থির করে ফেলেছিল বেদশ্রুতি। তার স্বপ্ন ইঞ্জিনিয়ার (Engineer) হওয়া। সেই কারণে মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই সে পাড়ি দিয়েছে হায়দরাবাদে (Hyderabad)। সেখানে এক বেসরকারি প্রতিষ্ঠানে থেকে জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) ও আইআইটি (IIT) প্রবেশিকার প্রস্তুতি নিচ্ছে সে।
মেয়ের সাফল্যে খুশি বাবা বিনয় সিংহ। তিনি জানান, “মেয়ে ভালো ফল করবে জানতাম, তবে মেয়েদের মধ্যে প্রথম হবে ভাবিনি।” পরিবার সূত্রে জানা গিয়েছে, বেদশ্রুতির দাদা বাণীব্রত সিংহও মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছিলেন। বর্তমানে তিনি বিদেশে কর্মরত। দাদার পথ অনুসরণ করেই এগোতে চাইছে বোন।
শুধু পড়াশোনাই নয়, গান-বাজনাতেও সমান আগ্রহ রয়েছে বেদশ্রুতির। অবসরে গিটার বাজিয়ে গান গাইতে ভালোবাসে সে।
এবার মাধ্যমিকে মোট ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য অনুযায়ী, প্রথম দশে জায়গা পেয়েছে ১৩১ জন। আর সেই তালিকায় উজ্জ্বল নাম ইসলামপুরের বেদশ্রুতি সিংহ।


